বন্ধ পাটকল চালুতে ১,০৫০ কোটি টাকার নতুন বিনিয়োগ

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

রাষ্ট্রীয় মালিকানাধীন বন্ধ শিল্পপ্রতিষ্ঠানগুলোকে উৎপাদন ও কর্মসংস্থানের আওতায় আনতে নতুন বিনিয়োগ আকৃষ্ট করছে সরকার। এ উদ্যোগের অংশ হিসেবে নরসিংদীর বাংলাদেশ

2026-07-09T13:15:59+00:00
2026-07-09T13:15:59+00:00
 
  বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬,
২৫ আষাঢ় ১৪৩৩
বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
অর্থনীতি
বন্ধ পাটকল চালুতে ১,০৫০ কোটি টাকার নতুন বিনিয়োগ
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ৯ জুলাই, ২০২৬, ১:১৫ পিএম 
সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। ছবি : সংগৃহীত
রাষ্ট্রীয় মালিকানাধীন বন্ধ শিল্পপ্রতিষ্ঠানগুলোকে উৎপাদন ও কর্মসংস্থানের আওতায় আনতে নতুন বিনিয়োগ আকৃষ্ট করছে সরকার। এ উদ্যোগের অংশ হিসেবে নরসিংদীর বাংলাদেশ জুট মিলস লিমিটেডের অতিরিক্ত ১৪ দশমিক ৮০ একর জমি জুট অ্যালায়েন্স লিমিটেডের কাছে লিজ দেওয়া হয়েছে। এর মাধ্যমে প্রায় ১ হাজার ৫০ কোটি টাকার বিনিয়োগ হবে বলে জানিয়েছে সরকার।

বৃহস্পতিবার (৯ জুলাই) সচিবালয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ে চুক্তি স্বাক্ষর শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাটমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, দীর্ঘদিন অলস পড়ে থাকা রাষ্ট্রীয় সম্পদকে আধুনিক প্রযুক্তি ও বেসরকারি বিনিয়োগের মাধ্যমে পুনরুজ্জীবিত করাই সরকারের লক্ষ্য। নতুন বিনিয়োগের ফলে বছরে প্রায় ৩ হাজার কোটি টাকার উৎপাদন এবং প্রায় ৩ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে। পাশাপাশি সয়াবিন বীজ প্রক্রিয়াজাত করে ভোজ্যতেল উৎপাদনের মাধ্যমে দেশের খাদ্যনিরাপত্তাও জোরদার হবে।

তিনি আরও বলেন, সরকার নিজে শিল্প পরিচালনার পরিবর্তে দীর্ঘমেয়াদি লিজ, রাজস্ব ভাগাভাগি ও পাবলিক-প্রাইভেট পার্টনারশিপ (পিপিপি) মডেলের মাধ্যমে দক্ষ বেসরকারি উদ্যোক্তাদের বিনিয়োগে উৎসাহ দিচ্ছে। আগামী দুই বছরের মধ্যে অধিকাংশ বন্ধ শিল্পপ্রতিষ্ঠানে উৎপাদন কার্যক্রম শুরু হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।


রফতানি আয় প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, বৈশ্বিক যুদ্ধ পরিস্থিতি, ইউরোপীয় বাজারে চাহিদা কমে যাওয়া এবং নতুন শুল্কনীতির কারণে আন্তর্জাতিক বাজারে ভোক্তা ব্যয় কমেছে। তবে বাংলাদেশের তৈরি পোশাক খাত ধীরে ধীরে উচ্চমূল্যের ম্যানমেড ফাইবার ও ভ্যালু-অ্যাডেড পণ্যের দিকে অগ্রসর হচ্ছে, যা ভবিষ্যতে রপ্তানি আয় বাড়াতে সহায়ক হবে।

বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মো. শরীফুল আলম জানান, নরসিংদীর বাংলাদেশ জুট মিলসের ৭৭ দশমিক ২ একর জমির মধ্যে আগে ৩৪ দশমিক ৫০ একর জুট অ্যালায়েন্স লিমিটেডকে লিজ দেওয়া হয়েছিল। সেখানে বর্তমানে প্রতিদিন প্রায় ৪০ মেট্রিক টন পাটজাত পণ্য উৎপাদিত হচ্ছে এবং প্রায় ৩ হাজার ২০০ মানুষের কর্মসংস্থান হয়েছে। নতুন জমি যুক্ত হওয়ায় উৎপাদন ও বিনিয়োগ আরও বাড়বে।

তিনি আরও জানান, উৎপাদন বন্ধ থাকা ২৫টি পাটকলের মধ্যে ২০টি লিজের জন্য নির্বাচন করা হয়েছে। এর মধ্যে ১৪টির লিজ চুক্তি সম্পন্ন হয়েছে এবং ৯টি পাটকলে ইতোমধ্যে উৎপাদন শুরু হয়েছে। এসব কারখানায় প্রায় ৯ হাজার ৫০০ মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে এবং প্রতিদিন প্রায় ১৬০ মেট্রিক টন পাটজাত পণ্য উৎপাদিত হচ্ছে।

জুট অ্যালায়েন্স লিমিটেডের প্রতিনিধি জানান, প্রতিষ্ঠানটি গত দুই বছরে প্রায় ৩ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি করেছে এবং কারখানার দৈনিক উৎপাদন সক্ষমতা ৩৫ টন থেকে ৫০ টনে উন্নীত করেছে। উৎপাদিত সব পণ্য বিদেশে রপ্তানি করা হচ্ছে।

তিনি জানান, পরবর্তী ধাপে আন্তর্জাতিক অর্থায়ন সংস্থা আইএফসির সহযোগিতায় প্রায় ১ হাজার কোটি টাকা বিনিয়োগে দৈনিক ৩ হাজার টন সক্ষমতার একটি সিড ক্রাশিং প্রকল্প বাস্তবায়ন করা হবে। এ প্রকল্প থেকে সয়াবিন তেল ও সয়া মিল উৎপাদনের পাশাপাশি আরও প্রায় ৩ হাজার মানুষের কর্মসংস্থান সৃষ্টি হবে বলে আশা করা হচ্ছে।

সময়ের আলো/কেএইচও


  বিষয়:   বন্ধ পাটকল  নতুন বিনিয়োগ 


Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: