চট্টগ্রাম, ময়মনসিংহ ও কুমিল্লা জেলার তিনটি উপজেলাকে ভাগ করে নতুন তিনটি উপজেলা গঠন করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। নতুন উপজেলাগুলো হলো— চট্টগ্রামের ফটিকছড়ি উত্তর, ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁও এবং কুমিল্লার বাঙ্গরা।
বুধবার (৮ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগের নিকার-১ শাখা থেকে জারি করা পৃথক তিনটি প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়েছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১২১তম সভার সিদ্ধান্ত অনুযায়ী সরকার চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার ছয়টি ইউনিয়ন : ১. বাগানবাজার, ২. দাঁতমারা, ৩. নারায়ণহাট, ৪. ভূজপুর, ৫. হারুয়ালছড়ি এবং ৬. সুয়াবিলের সমন্বয়ে ‘ফটিকছড়ি উত্তর’ উপজেলা গঠনের সিদ্ধান্ত গ্রহণ করেছে। এ উপজেলার বিভিন্ন অফিসের জন্য অফিস সেট-আপ অনুমোদন করা হয়েছে। ২৪টি দফতরের জন্য ২৩৮ জন কর্মকর্তা-কর্মচারী থাকবে। এর মধ্যে কর্মকর্তার পদ ৪০টি। ফটিকছড়ি উত্তর উপজেলার সদর দফতর ভূজপুর ইউনিয়নের পশ্চিম ভূজপুর মৌজায় স্থাপিত হবে।
আরেক প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১২১তম সভার সিদ্ধান্ত অনুযায়ী সরকার ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার আটটি ইউনিয়ন: ১. মশাখালী, ২. পাঁচবাগ, ৩. উস্থি, ৪. লংগাইর, ৫. পাইথল, ৬. দত্তের বাজার, ৭. নিগুয়ারী ও ৮. টাংগাব-এর সমন্বয়ে ‘দক্ষিণ গফরগাঁও’ উপজেলা গঠনের সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। এ উপজেলার বিভিন্ন অফিসের জন্য অফিস সেট-আপ অনুমোদন করা হয়েছে। ২৪টি দফতরের জন্য ২৩৮ জন কর্মকর্তা-কর্মচারী থাকবে। এর মধ্যে কর্মকর্তার পদ ৪০টি। দক্ষিণ গফরগাঁও উপজেলার সদর দফতর উস্থি ইউনিয়নের নয়াবাড়ী মৌজায় স্থাপিত হবে।
‘বাঙ্গরা’ উপজেলা সংক্রান্ত প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রশাসনিক পুনর্বিন্যাস সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) ১২১তম সভার সিদ্ধান্ত অনুযায়ী সরকার কুমিল্লা জেলার মুরাদনগর উপজেলার ১০টি ইউনিয়ন: ১. শ্রীকাইল, ২. আকুবপুর, ৩. আন্দিকোট, ৪. পূর্বধৈইর (পূর্ব) ৫. পূর্বধৈইর (পশ্চিম), ৬. বাঙ্গরা (পূর্ব), ৭. বাঙ্গরা (পশ্চিম), ৮. চাপিতলা, ৯. রামচন্দ্রপুর (উত্তর) এবং ১০. টনকীর সমন্বয়ে বাঙ্গরা উপজেলা গঠনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এ উপজেলার বিভিন্ন অফিসের জন্য অফিস সেট-আপও অনুমোদন করা হয়েছে। ২৪টি দফতরের জন্য ২৩৮ জন কর্মকর্তা-কর্মচারী থাকবে। এর মধ্যে কর্মকর্তার পদ ৪০টি। বাঙ্গরা উপজেলার সদর দফতর বাঙ্গরা পূর্ব ইউনিয়নের খামারগ্রাম মৌজায় স্থাপিত হবে।
সময়ের আলো/ইউএমএইচ