টানা কয়েক দিনের ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢলে রেলপথের পর এবার চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কও পানিতে তলিয়ে গেছে। বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার পাঠানীপুল এলাকায় এই মহাসড়কটি ডুবে যায়। এতে ওই রুটে সব ধরনের যানবাহন চলাচল চরমভাবে ব্যাহত হচ্ছে।
এর আগে গত মঙ্গলবার (৮ জুলাই) চট্টগ্রাম নগরের মুরাদপুরের কাছে রেললাইন ডুবে যাওয়ায় চট্টগ্রাম-কক্সবাজার রেলপথে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। এবার সড়ক পথও পানিতে তলিয়ে যাওয়ায় পর্যটন নগরী কক্সবাজারের সাথে যোগাযোগ ব্যবস্থা আরও সংকটে পড়ল।
দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন চৌধুরী জানান, প্রবল বর্ষণ ও পাহাড়ি ঢলের কারণে আজ সকাল থেকে চন্দনাইশের পাঠানীপুলের বড়পাড়া এলাকায় প্রায় ৫০০ মিটার মহাসড়কের ওপর দিয়ে তীব্র স্রোতে পানি প্রবাহিত হচ্ছে। সড়কটি দুই থেকে আড়াই ফুট পানির নিচে তলিয়ে গেলেও দূরপাল্লার বাসসহ বড় যানবাহনগুলো অত্যন্ত সতর্কতার সঙ্গে চলাচল করছে। হাইওয়ে পুলিশের সদস্যরা ঘটনাস্থলে অবস্থান করে যান চলাচল স্বাভাবিক রাখার চেষ্টা করছেন।
স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, চন্দনাইশের হাসিমপুরের পাঠানীপুলের বড়পাড়া থেকে দোহাজারী পৌরসভার জাসিম কনভেনশন হল পর্যন্ত দীর্ঘ এলাকায় মহাসড়কে কোমরসমান পানি জমে রয়েছে। তীব্র স্রোতের কারণে সিএনজিচালিত অটোরিকশাসহ ছোট যানবাহনগুলো ওই অংশ পার হতে পারছে না। ফলে সাধারণ মানুষকে হেঁটে ও চরম ঝুঁকি নিয়ে এই পথ পাড়ি দিতে হচ্ছে।
চন্দনাইশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবদুর রহমান বলেন, টানা বৃষ্টি ও বান্দরবানের দিক থেকে নেমে আসা পাহাড়ি ঢলে বুধবার রাত থেকে উপজেলার ধোপাছড়ি, সাতবাড়িয়া ও বরকল ইউনিয়নসহ বিভিন্ন এলাকার প্রায় ১৫ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছেন। তবে বৃষ্টি কমলে এবং ঢলের পানি নামতে শুরু করলে দ্রুত এই পরিস্থিতির উন্নতি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
সময়ের আলো/জেডি