মুন্সীগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক পারাপারের সময় অজ্ঞাত গাড়ির ধাক্কায় খালেদা আক্তার (২৫) নামের এক নারী শ্রমিক নিহত হয়েছেন। এ ঘটনায় পারুল বেগম (৩৫) নামের অন্য এক নারী শ্রমিক গুরুতর আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
বৃহস্পতিবার (৯ জুলাই) রাত পৌনে ১০টার দিকে উপজেলার বালুয়াকান্দি এলাকায় কুমিল্লামুখী লেনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত খালেদা আক্তার মৌলভীবাজারের শ্রীমঙ্গল এলাকার বাসিন্দা। অন্যদিকে আহত পারুল বেগম হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার আবুল মিয়ার স্ত্রী বলেন জানা গেছে। তারা দুজনেই স্থানীয় ডাচ বাংলা প্যাক লিমিটেড কারখানায় শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।
হাইওয়ে পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রাতে কাজ শেষে বালুয়াকান্দি এলাকায় মহাসড়ক পার হচ্ছিলেন ওই দুই নারী। এ সময় দ্রুতগতির একটি অজ্ঞাতনামা একটি গাড়ি তাদের সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই খালেদার মৃত্যু হয় এবং পারুল গুরুতর আহত হয়ে মহাসড়কে ছিটকে পড়েন। খবর পেয়ে ভবেরচর হাইওয়ে থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে নিহত নারীর মরদেহ উদ্ধার করে থানা হেফাজতে নিয়ে আসে। এছাড়া দুর্ঘটনায় পারুলের দুই পা থ্যাঁতলে যাওয়ায় তাকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ভবেরচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ কামাল আখন্দ জানান, ঘাতক পরিবহণটি শনাক্ত করার জন্য হাইওয়ে পুলিশের টিম কাজ করছে। এই বিষয়ে আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে।
সময়ের আলো/জোই