প্রকাশ: শনিবার, ১১ জুলাই, ২০২৬, ৯:৫৭ এএম আপডেট: ১১.০৭.২০২৬ ১২:৫৫ পিএম
কবি আল মাহমুদ। ছবি : সংগৃহীত বাংলা সাহিত্যের অন্যতম প্রধান কবি এবং ‘সোনালী কাবিন’খ্যাত আল মাহমুদের ৯১তম জন্মবার্ষিকী আজ (১১ জুলাই)। বহুমাত্রিক কাব্যভাষা, লোকজ ঐতিহ্য ও গ্রামীণ জীবনচিত্রের অনন্য শিল্পরূপের মাধ্যমে তিনি বাংলা কবিতায় নিজস্ব ধারা নির্মাণ করে গেছেন।
আল মাহমুদের প্রকৃত নাম মীর আবদুস শুকুর আল মাহমুদ। তিনি ১৯৩৬ সালের ১১ জুলাই ব্রাহ্মণবাড়িয়া শহরের মৌড়াইল এলাকায় জন্মগ্রহণ করেন।
ষাটের দশকে ‘লোক লোকান্তর’ ও ‘কালের কলস’ কাব্যগ্রন্থের মাধ্যমে তিনি বাংলা কবিতায় স্বতন্ত্র অবস্থান তৈরি করেন। ১৯৭৩ সালে প্রকাশিত ‘সোনালী কাবিন’ তাকে বাংলা সাহিত্যের প্রথম সারির কবিদের কাতারে প্রতিষ্ঠিত করে। ভাটি বাংলার নদী, চরাঞ্চলের জীবন, গ্রামীণ প্রেম-বিরহ, লোকজ সংস্কৃতি এবং আঞ্চলিক ভাষার সৃজনশীল ব্যবহারে তার কবিতা স্বতন্ত্র শিল্পরূপ লাভ করে।
কবি হিসেবে খ্যাতির পাশাপাশি তিনি শিশুসাহিত্যিক ও সাংবাদিক হিসেবেও গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তার উল্লেখযোগ্য গ্রন্থের মধ্যে রয়েছে পানকৌড়ির রক্ত, কবি ও কোলাহল এবং মুক্তিযুদ্ধভিত্তিক উপন্যাস কাবিলের বোন।
জন্মবার্ষিকী উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় কবি আল মাহমুদ গবেষণা কেন্দ্র ও স্মৃতি পরিষদের উদ্যোগে তিন দিনব্যাপী স্মরণোৎসবের আয়োজন করা হয়েছে। আজ আলোচনা সভা, কবিতা পাঠ, স্মৃতিচারণ, সংগীতানুষ্ঠান, পদক প্রদান এবং সাহিত্যবিষয়ক বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে উৎসবের সমাপনী হবে।
বাংলা ভাষা ও সাহিত্যে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ আল মাহমুদ বাংলা একাডেমি সাহিত্য পুরস্কার, একুশে পদকসহ বহু সম্মাননায় ভূষিত হন। ২০১৯ সালের ১৫ ফেব্রুয়ারি তিনি মৃত্যুবরণ করেন।
সময়ের আলো/আরবিএন