মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু, এমপি বলেছেন, একসময় দেশের ক্রীড়াঙ্গন ছিল প্রাণবন্ত। টাঙ্গাইল স্টেডিয়াম দর্শকে পরিপূর্ণ থাকত, মানুষ টিকিট কেটে খেলা উপভোগ করতে আসতেন। কিন্তু গত ১৭ বছরে অগণতান্ত্রিক, স্বৈরাচারী ও ফ্যাসিস্ট শাসনের কারণে দেশের ক্রীড়াঙ্গনকে কলুষিত করা হয়েছে। বর্তমান সরকার সেই হারানো ঐতিহ্য ও প্রাণচাঞ্চল্য ফিরিয়ে আনতে কাজ করছে।
শনিবার (১১ জুলাই) বিকেলে টাঙ্গাইল স্টেডিয়ামে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের উদ্যোগে সারা দেশে খেলাধুলার প্রসার ঘটাতে বিভিন্ন কর্মসূচি নেওয়া হয়েছে। তারই অংশ হিসেবে জেলা পর্যায়ে টাঙ্গাইলে ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।
খেলাধুলার মাধ্যমে সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্ববোধ জোরদারের আহ্বান জানিয়ে তিনি বলেন, খেলাকে ঘিরে কোনো ধরনের বিদ্বেষ, সহিংসতা বা অপ্রীতিকর ঘটনার স্থান নেই। খেলাধুলা হবে নির্মল আনন্দ, পারস্পরিক শ্রদ্ধাবোধ এবং সামাজিক সম্প্রীতির এক অনন্য মাধ্যম। তিনি সবাইকে আনন্দঘন পরিবেশে খেলা উপভোগ করার আহ্বান জানান।
তিনি আরও বলেন, তরুণ প্রজন্মকে সুস্থ ও সৃজনশীল কর্মকাণ্ডে সম্পৃক্ত রাখতে টাঙ্গাইলে আরও বেশি ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন করা হবে এবং ক্রীড়া অবকাঠামোর উন্নয়নসহ প্রয়োজনীয় সব উদ্যোগ গ্রহণ করা হবে।
মাদকবিরোধী অবস্থান তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী একটি মাদকমুক্ত বাংলাদেশ গড়ে তুলতে দৃঢ়প্রতিজ্ঞ। যুবসমাজকে মাদকের ভয়াবহতা থেকে রক্ষা করতে মাদকের বিরুদ্ধে সর্বোচ্চ কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে এবং এ বিষয়ে কোনো ধরনের আপোস করা হবে না।
দেশের ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তা ও সমৃদ্ধির স্বার্থে মাদক প্রতিরোধে সবাইকে সচেতন ও ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে জেলা প্রশাসক শরীফা হক, অতিরিক্ত জেলা প্রশাসক সঞ্জয় কুমার মহন্ত, অতিরিক্ত পুলিশ সুপার মো. আদিবুল ইসলাম, জেলা বিএনপির সভাপতি হাসানুজ্জামিল শাহীন, সাবেক সদস্য সচিব মাহমুদুল হক সানু, টাঙ্গাইল জেলা ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটির সদস্য সচিব আরিফুল হক প্রিন্সসহ প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দ, ক্রীড়া সংগঠক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন টাঙ্গাইল জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট আলী ইমাম তপন।
সময়ের আলো/জেডি