ভারতের তেলেঙ্গানা রাজ্যের রাঙ্গা রেড্ডি জেলায় জামিনে মুক্ত হয়ে এক ব্যক্তি তার স্ত্রী, দুই সন্তানসহ মোট ছয়জনকে নৃশংসভাবে হত্যা করেছেন। অভিযুক্ত ৩৫ বছর বয়সি রাজকুমার ঘটনার পর থেকে পলাতক রয়েছেন। তার খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, অভিযুক্ত রাজকুমার প্রথমে নিজের বাড়িতে স্ত্রী পার্বতী সরিতা (৩০) এবং তাদের চার ও এক বছর বয়সি দুই ছেলেকে হত্যা করেন। এরপর তিনি তার বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগ আনা এক কিশোরীর বাড়ির দিকে রওনা হন।
সেখানে গিয়ে রাজকুমার প্রথমে ওই কিশোরীর ৪৫ বছর বয়সি মা এবং ৬৫ বছর বয়সি নানিকে হত্যা করেন। এরপর কিশোরীকে জোরপূর্বক গাড়িতে তুলে একটি নির্জন স্থানে নিয়ে গিয়ে তাকেও খুন করেন। তবে ঘরে থাকা কিশোরীর ২০ বছর বয়সি প্রতিবন্ধী বোন অক্ষত রয়েছেন।
হত্যাকাণ্ডের পর রাজকুমার তার বাবাকে ফোন করে অপরাধের কথা স্বীকার করেন এবং নিজের মোবাইল বন্ধ করে দেন। ফোনালাপে তিনি আত্মহত্যার ইচ্ছার কথাও জানিয়েছিলেন। তবে তিনি আত্মহত্যা করেছেন নাকি আত্মগোপনে আছেন, তা এখনও নিশ্চিত নয়।
পুলিশের জ্যেষ্ঠ কর্মকর্তা তরুণ জোশী জানান, পলাতক রাজকুমারকে দ্রুত গ্রেফতার করতে বিশেষ টিম গঠন করা হয়েছে।
এর আগে, ওই কিশোরীকে কোচিং সেন্টার থেকে ফেরার পথে উত্ত্যক্ত ও যৌন হয়রানির অভিযোগে গত মে মাসে রাজকুমারকে গ্রেফতার করেছিল পুলিশ। সম্প্রতি তিনি জামিনে মুক্তি পান।
সময়ের আলো/জেডি