সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সারা দেশের মতো রাজধানী ঢাকাতেও ভারী বৃষ্টি শুরু হয়েছে। রোববার (১২ জুলাই) সকাল ৬টা থেকে ৯টা পর্যন্ত মাত্র তিন ঘণ্টায় ঢাকায় ২৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ হাফিজুর রহমান জানিয়েছেন, রাজধানীতে আজ থেমে থেমে আরও বৃষ্টি হতে পারে। তবে আগামী ১৪ জুলাই থেকে বৃষ্টির এই প্রবণতা কিছুটা কমে আসতে পারে বলে আশা করা হচ্ছে।
এদিকে সকালের এই ভারী বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন এলাকার প্রধান সড়ক ও অলিগলিতে ইতোমধ্যেই হাঁটুসমান পানি জমে গেছে। ফলে সাতসকালে জরুরি প্রয়োজনে বের হওয়া মানুষ চরম ভোগান্তিতে পড়েছেন।
বিশেষ করে পথচারী ও খেটে খাওয়া সাধারণ মানুষ বৃষ্টি মাথায় নিয়েই গন্তব্যে ছুটছেন। বৃষ্টি থেকে বাঁচতে কেউ ছাতা, কেউ রেইনকোট আবার কেউ পলিথিন মুড়িয়ে চলছেন।
আবহাওয়াবিদদের মতে, মৌসুমি বায়ু সক্রিয় থাকায় দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।
সময়ের আলো/জেডি