গাজীপুরের কালিয়াকৈরে শনিবার রাতভর ভারী বর্ষণ ও অপর্যাপ্ত পানি নিষ্কাশন ব্যবস্থার কারণে ভয়াবহ জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। রোববার (১২ জুলাই) সকাল থেকে পৌরসভার বিভিন্ন এলাকা পানিতে তলিয়ে যাওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন শিক্ষার্থী, চাকরিজীবী ও সাধারণ মানুষ।
টানা বৃষ্টিতে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কসহ পৌরসভার বিভিন্ন অলিগলি ও বসতবাড়িতে পানি ঢুকে পড়েছে। এতে যানবাহন চলাচল ব্যাহত হওয়ার পাশাপাশি উপজেলার বিশ্বাসপাড়া, হরিণহাটি, পল্লীবিদ্যুৎ, সফিপুর ও মৌচাকসহ বিভিন্ন এলাকায় প্রায় ১০ হাজার মানুষ পানিবন্দি হয়ে পড়েছেন।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, প্রায় ১৫ লাখ মানুষের এই শিল্পনগরীতে দীর্ঘদিন ধরে স্থায়ী ড্রেনেজ ব্যবস্থার অভাব রয়েছে। নিয়মিত ড্রেন পরিষ্কার না করায় প্রতি বর্ষায় তাদের এই দুর্ভোগ পোহাতে হলেও তারা কোনো সরকারি বা রাজনৈতিক সহযোগিতা পান না।
ভুক্তভোগীরা এই কৃত্রিম বন্যা থেকে মুক্তি পেতে দ্রুত ও কার্যকর ড্রেনেজ ব্যবস্থা চালুর দাবি জানিয়েছেন। দুই শতাধিক শিল্প কারখানা সমৃদ্ধ এই এলাকায় জলাবদ্ধতার কারণে কলকারখানার শ্রমিকদেরও যাতায়াতে চরম বেগ পেতে হচ্ছে।
কালিয়াকৈর পৌর প্রশাসক ও নির্বাহী কর্মকর্তা এএইচএম ফখরুল হোসাইন জানিয়েছেন, জলাবদ্ধতা নিরসনে দ্রুত পানি অপসারণের কাজ চলছে। এ ছাড়া পানিবন্দি দুর্গত মানুষদের জন্য জরুরিভাবে শুকনো খাবার বিতরণের উদ্যোগ নেওয়া হচ্ছে।
সময়ের আলো/জেডি