শ্রীপুরে বেড়েছে শিয়ালের উৎপাত, এক রাতে কামড়ে আহত ১৪

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

সারাদেশ

গাজীপুরের শ্রীপুর উপজেলার বিভিন্ন এলাকায় হঠাৎ করেই বেড়েছে শিয়ালের উৎপাত। এক রাতে শিয়ালের কামড়ে অন্তত ১৪ জন নারী-পুরুষ ও শিশু

2026-07-12T17:01:41+00:00
2026-07-12T17:01:41+00:00
 
  রবিবার, ১২ জুলাই ২০২৬,
২৮ আষাঢ় ১৪৩৩
রবিবার, ১২ জুলাই ২০২৬
সারাদেশ
শ্রীপুরে বেড়েছে শিয়ালের উৎপাত, এক রাতে কামড়ে আহত ১৪
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১২ জুলাই, ২০২৬, ৫:০১ পিএম 
গাজীপুরের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। ছবি : সময়ের আলো
গাজীপুরের শ্রীপুর উপজেলার বিভিন্ন এলাকায় হঠাৎ করেই বেড়েছে শিয়ালের উৎপাত। এক রাতে শিয়ালের কামড়ে অন্তত ১৪ জন নারী-পুরুষ ও শিশু আহত হয়েছেন। আহতদের মধ্যে কয়েকজন শিশু রয়েছে। তাদের শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। গুরুতর আহত একজনকে শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

শনিবার (১১ জুলাই) রাতে উপজেলার গোসিঙ্গা ইউনিয়নের বিভিন্ন গ্রাম এবং শ্রীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডে এসব ঘটনা ঘটে। বনাঞ্চল থেকে লোকালয়ে ঢুকে শিয়াল মানুষের ওপর হামলা চালানোয় এলাকাজুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকেই সন্ধ্যার পর প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হচ্ছেন না।

আহতদের মধ্যে মো. আকাশ (১৩), নাঈম (১১), মাজেদা (৪৫), রোজিনা (৩৬), হেলেনা আক্তার (৪০), আশরাফুল ইসলাম (২৬), শেফালি (৩৪), সাইফুন্নাহার (২৩) ও আরাফ (১৪)-এর নাম জানা গেছে। আহত অন্যদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।


গোসিঙ্গা ইউনিয়নের পটকা গ্রামের বাসিন্দা হুমায়ুন কবির বলেন, কয়েক দিন ধরেই এলাকায় শিয়ালের আনাগোনা বেড়েছে। সন্ধ্যার পর বন থেকে লোকালয়ে চলে এসে পথচারীদের আক্রমণ করছে। এমনকি একটি শিয়াল বসতঘরে ঢুকে এক নারীকে কামড়ে আহত করেছে। এতে বিশেষ করে শিশুদের নিরাপত্তা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।

শ্রীপুর পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের ভাংনাহাটি গ্রামের বাসিন্দা ইকবাল হাসান বলেন, শনিবার রাতে কামিল মাদরাসার পাশের একটি বসতঘরে ঢুকে শিয়াল দুই নারীকে কামড়ে আহত করে। এ ঘটনার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসিএফ) বলেন, শিয়াল সাধারণত বনজঙ্গলের নির্জন স্থানে গর্ত করে বসবাস করে। খাদ্যের সন্ধানে তারা বাইরে বের হয়। সাম্প্রতিক সময়ে প্রাকৃতিক খাদ্যের সংকট এবং টানা ভারী বর্ষণের কারণে তাদের আবাসস্থল ক্ষতিগ্রস্ত হওয়ায় লোকালয়ে চলে আসছে। তবে মানুষকে কেন আক্রমণ করছে, তা পরীক্ষা-নিরীক্ষা ছাড়া নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। যেহেতু শিয়াল বন্য প্রাণী, তাই কামড় বা আঁচড়ের ঘটনায় জলাতঙ্কের ঝুঁকি থাকে। এ ধরনের ঘটনায় আক্রান্ত ব্যক্তিকে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিয়ে জলাতঙ্ক প্রতিরোধী টিকা নিতে হবে।

শ্রীপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আশরাফ হোসেন বলেন, বর্ষাকালে অতিবৃষ্টির কারণে শিয়ালের গর্তে পানি ঢুকে যায়। পাশাপাশি খাদ্যের অভাব দেখা দিলে তারা লোকালয়ে চলে আসে। কোনো বন্য প্রাণীর আচরণ অস্বাভাবিক মনে হলে সেটিকে উত্ত্যক্ত না করে নিরাপদ দূরত্ব বজায় রাখা উচিত। শিয়ালের কামড় বা আঁচড়ের পর অবশ্যই দ্রুত জলাতঙ্ক প্রতিরোধী টিকা গ্রহণ করতে হবে।

শ্রীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শফিকুল ইসলাম বলেন, শনিবার রাতে শিয়ালের কামড়ে আহত ১৪ জন চিকিৎসার জন্য হাসপাতালে আসেন। তাদের মধ্যে ১৩ জনকে প্রাথমিক চিকিৎসা, ক্ষত পরিষ্কার করা এবং জলাতঙ্ক প্রতিরোধী টিকা দিয়ে বাড়ি পাঠানো হয়েছে। গুরুতর আহত একজনকে উন্নত চিকিৎসার জন্য শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়েছে।

এদিকে এক রাতে একাধিক ব্যক্তির ওপর শিয়ালের হামলার ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। বন বিভাগের পাশাপাশি সংশ্লিষ্ট প্রশাসনের পক্ষ থেকে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন এলাকাবাসী।

সময়ের আলো/জোই



  বিষয়:   শ্রীপুর  শিয়ালের উৎপাত  রাত  কামড়  আহত  গাজীপুর 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: