মালয়েশিয়ার কুয়ালালামপুরের জালান পেতালিং এলাকায় ২০২৬ ফিফা বিশ্বকাপকে কেন্দ্র করে জাল জার্সি বিক্রির এক বিশাল চক্রের সন্ধান পেয়েছে দেশটির অভ্যন্তরীণ বাণিজ্য ও জীবনযাত্রার ব্যয় বিষয়ক মন্ত্রণালয় (কেপিডিএন)। এই অভিযানে ৫ হাজার ৪০৩টি বিভিন্ন ব্র্যান্ডের নকল জার্সি জব্দ করার পাশাপাশি পাঁচজন বাংলাদেশি এবং মিয়ানমারের এক নাগরিককে আটক করা হয়েছে।
শুক্রবার (১০ জুলাই) বেলা ১১টার দিকে ওই এলাকার চারটি দোকান এবং একটি গুদামে একযোগে চালানো অভিযানে এই জালিয়াত চক্রের খোঁজ মেলে।
তদন্তে জানা যায়, আটক বাংলাদেশি ও অন্যান্য কর্মীরা মূলত বিদেশি পর্যটকদের টার্গেট করে এই অবৈধ ব্যবসা পরিচালনা করছিলেন। প্রতিটি নকল জার্সি মান বা গ্রেড অনুযায়ী ৫০ থেকে ১০০ রিঙ্গিতেরও বেশি দামে বিক্রি হতো।
জালান পেতালিং পর্যটকদের অন্যতম প্রধান আকর্ষণ হওয়ায় সেখানে প্রতিটি দোকান থেকে দৈনিক প্রায় ১০০টি জার্সি বিক্রি হতো এবং প্রতিদিনের আনুমানিক মোট বিক্রির পরিমাণ দাঁড়াত প্রায় ৫ হাজার রিঙ্গিত। জব্দকৃত মোট জার্সির বাজার মূল্য প্রায় ২ লাখ ৭০ হাজার ১৫০ রিঙ্গিত (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৮১ লাখ ৮২ হাজার টাকা)।
কুয়ালালামপুরে কেপিডিএন-এর প্রধান প্রয়োগকারী কর্মকর্তা মোহা শাহারান মোহা আরশাদ জানান, আটকদের বিরুদ্ধে ট্রেডমার্ক অ্যাক্ট ২০১৯-এর অধীনে তদন্ত শুরু হয়েছে। অভিযানের মূল উদ্দেশ্য হলো, এই অবৈধ ব্যবসার নেপথ্যে থাকা প্রকৃত দোকানের মালিক এবং এই বাংলাদেশিসহ অন্য বিদেশি কর্মীদের যারা নিয়োগ দিয়েছে, তাদের খুঁজে বের করা।
সময়ের আলো/মহু