প্রথম সেট হারিয়ে পিছিয়ে পড়লেও দুর্দান্ত প্রত্যাবর্তনে আবারও উইম্বলডনের শিরোপা জিতেছেন বিশ্বের এক নম্বর টেনিস তারকা ইয়ানিক সিনার। ফাইনালে আলেকসান্দার জভেরেভকে হারিয়ে টানা দ্বিতীয়বার অল ইংল্যান্ড ক্লাবের মুকুট ধরে রাখলেন ইতালিয়ান এই তারকা।
রোববার (১২ জুলাই) অনুষ্ঠিত পুরুষ এককের ফাইনালে জার্মান তারকা আলেকসান্দার জভেরেভকে ৬-৭ (৭/৯), ৭-৬ (৭/২), ৬-৩, ৬-৪ গেমে পরাজিত করেন সিনার। এই জয়ের মাধ্যমে ক্যারিয়ারের পঞ্চম গ্র্যান্ড স্লাম শিরোপা জয়ের পাশাপাশি জভেরেভের বিপক্ষে টানা দশম জয়ও তুলে নেন তিনি।
ম্যাচের শুরুতে প্রথম সেট জিতে আত্মবিশ্বাসে উজ্জীবিত ছিলেন জভেরেভ। তবে এরপর ধীরে ধীরে ছন্দে ফিরে ম্যাচের নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নেন সিনার। দ্বিতীয় সেটের টাইব্রেক জয়ের পর আর পেছনে ফিরে তাকাতে হয়নি তাকে।
এই শিরোপা জয়ের মাধ্যমে টেনিস ইতিহাসের বিশেষ এক কীর্তিতেও নাম লেখালেন ২৪ বছর বয়সী সিনার। উন্মুক্ত বা পেশাদার যুগে উইম্বলডনের পুরুষ এককে টানা দুইবার শিরোপা ধরে রাখা মাত্র দশম খেলোয়াড় তিনি।
মাত্র ২৪ বছর বয়সেই পাঁচটি গ্র্যান্ড স্লাম জয়ের পাশাপাশি টানা দুই বছর উইম্বলডন শিরোপা জিতে বর্তমান পুরুষ টেনিসে নিজের আধিপত্য আরও একবার প্রতিষ্ঠা করলেন বিশ্বের এক নম্বর এই ইতালিয়ান তারকা।
সময়ের আলো/আরবিএন