মার্কিন হামলায় ইরানের সামরিক শক্তি প্রায় ধ্বংস হয়ে গেছে এবং দেশটি একপ্রকার ‘পাথরের যুগে’ ফিরে গেছে বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন সংবাদমাধ্যম ‘নিউজমেক্স’-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই দাবি করেন।
ইরানের বিরুদ্ধে মার্কিন সামরিক অভিযান নিয়ে কথা বলতে গিয়ে ট্রাম্প বলেন, তেহরানের শক্তি এখন অনেকটাই কেড়ে নেওয়া হয়েছে। ক্ষয়ক্ষতির বিবরণ দিতে গিয়ে তিনি বলেন, তাদের হয়তো সামান্য কিছু অবশিষ্ট আছে, কিন্তু বেশির ভাগই ধ্বংস হয়ে গেছে। উদাহরণস্বরূপ বলা যায়, তাদের সামরিক বাহিনীর ১৫৯টি যুদ্ধজাহাজ ছিল; যার সবগুলোই এখন সমুদ্রের তলদেশে।
ট্রাম্প আরও দাবি করেন, ইরানের ২০০টি যুদ্ধবিমান ছিল; যার একটিও এখন আর অবশিষ্ট নেই। তাদের রাডার ব্যবস্থা ধ্বংস করা হয়েছে, বিমান বিধ্বংসী প্রতিরক্ষা ব্যবস্থা গুঁড়িয়ে দেওয়া হয়েছে এবং অস্ত্র তৈরির সক্ষমতা প্রায় ৮৪ শতাংশের মতো শেষ করে দেওয়া হয়েছে।
সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেন, মাত্র চার মাস আগের তুলনায় ইরান এখন সম্পূর্ণ ভিন্ন এক দেশে পরিণত হয়েছে। এই চার মাসে আমরা তাদের অনেকাংশেই পাথরের যুগে ফিরিয়ে নিয়ে গেছি।
ইরানের বর্তমান সামরিক সক্ষমতা নিয়ে ট্রাম্প বলেন, এসবের পরেও তাদের কাছে কিছু ক্ষেপণাস্ত্র এবং সামান্য কিছু সক্ষমতা হয়তো রয়ে গেছে, তবে মূলত তারা অনেক পেছনের একটি সময়ে ফিরে যেতে বাধ্য হয়েছে।
মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাবের কথা উল্লেখ করে ট্রাম্প হুঙ্কার দিয়ে বলেন, ইরান ছিল মধ্যপ্রাচ্যের ত্রাস, কিন্তু আমার ওপর তাদের সেই খবরদারি খাটেনি।
সময়ের আলো/কহু