হবিগঞ্জের আজমিরীগঞ্জে গতির প্রতিযোগিতা করতে গিয়ে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুইজন গুরুতর আহত হয়েছেন। বৃহস্পতিবার (১৬ জুলাই) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে উপজেলার জলসুখা ইউনিয়নের নির্মাণাধীন আজমিরীগঞ্জ-শাল্লা আঞ্চলিক মহাসড়কের জলসুখা ব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আহতদের আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
নিহতরা হলেন, বানিয়াচং উপজেলার আমিরখানি গ্রামের ফুল মিয়ার ছেলে তানভীর মিয়া (১৮), একই এলাকার নুরুল লস্করের ছেলে আবিদুর লস্কর (২০) এবং আজমিরীগঞ্জ উপজেলার পাহাড়পুর গ্রামের চন্দন দাসের ছেলে অন্তর দাস।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে কয়েকটি মোটরসাইকেল নিয়ে একদল তরুণ জলসুখা ব্রিজ এলাকায় ঘুরতে আসেন। এক পর্যায়ে তারা মোটরসাইকেলের গতি বাড়িয়ে প্রতিযোগিতায় মেতে ওঠেন। এ সময় বেপরোয়া গতিতে থাকা দুটি মোটরসাইকেলের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতা এতটাই ভয়াবহ ছিল যে ঘটনাস্থলেই তানভীর মিয়া মারা যান।
দুর্ঘটনার পর স্থানীয়রা গুরুতর আহত চারজনকে দ্রুত উদ্ধার করে হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় অন্তর দাস ও আবিদুর লস্করের মৃত্যু হয়। বাকি দুইজনের শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকদের পরামর্শে তাদের উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়।
আজমিরীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আকবর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গতির প্রতিযোগিতা করতে গিয়েই এই দুর্ঘটনাটি ঘটেছে। ঘটনাস্থলে একজন ও হাসপাতালে নেওয়ার পর দুইজনের মৃত্যু হয়। নিহতদের মরদেহের সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করে ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ আধুনিক সদর হাসপাতালের মর্গে পাঠানোর প্রক্রিয়া চলছে।
সময়ের আলো/জেডি