চট্টগ্রাম বন্দরের চিটাগাং কনটেইনার টার্মিনালের (সিসিটি) তিন নম্বর জেটিতে জাহাজ থেকে গাছ বোঝাই কনটেইনার নামানোর সময় গ্যান্ট্রি ক্রেনের ক্যাবল ছিঁড়ে দুর্ঘটনা ঘটেছে। কোনো হতাহত না হলেও ভেঙে ২ ভাগ হয়েছে ট্রেইলার। দুমড়ে মুচড়ে গেছে কনটেইনার।
শনিবার (১৮ জুলাই) রাত ৮টার দিকে এ ঘটনা ঘটলেও জানাজানি হয় রাত ১০টার পর।
বন্দর সূত্র জানায়, সিসিটি-৩ জেটিতে নোঙর করা বাণিজ্যিক জাহাজ ‘চেং হাই’ থেকে গাছ বোঝাই কনটেইনার খালাসের সময় গ্যান্ট্রি ক্রেন-৪-এর ক্যাবল ছিঁড়ে যায়। এতে গাছ বোঝাই কনটেইনার নিচে থাকা ট্রেইলারের ওপর পড়ে এই দুর্ঘটনাটি ঘটে।
বন্দর সূত্রে জানায়, আমদানি করা বড় গাছ নামানোর সময় গ্যান্ট্রি ক্রেনের ১০ টনের চারটি ওয়্যারের একটি ছিঁড়ে এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনার পরপরই সংশ্লিষ্ট কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। এতে কোনো প্রাণহানির ঘটনা ঘটেনি।
চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামিম বলেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধান এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা হবে। তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আমরা অন্য গ্যান্ট্রি ক্রেনের ক্যাবলগুলোও চেক করছি। পুরো ঘটনা খতিয়ে দেখা হবে।
সময়ের আলো/জোই