ঝালকাঠিতে কিশোরীর গোসলের ভিডিও দিয়ে ‘জলপরী’র গুজব

ঝালকাঠি প্রতিনিধি

সারাদেশ

ঝালকাঠি শহরে কিছুদিন ধরে এক মানসিকভাবে ভারসাম্যহীন কিশোরীকে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে। এই কিশোরী কখনো রাস্তার মোড়ে, কখনো লোকালয়ে

2026-07-19T09:28:36+00:00
2026-07-19T09:28:36+00:00
 
  রবিবার, ১৯ জুলাই ২০২৬,
৪ শ্রাবণ ১৪৩৩
রবিবার, ১৯ জুলাই ২০২৬
সারাদেশ
ঝালকাঠিতে কিশোরীর গোসলের ভিডিও দিয়ে ‘জলপরী’র গুজব
ঝালকাঠি প্রতিনিধি
প্রকাশ: রোববার, ১৯ জুলাই, ২০২৬, ৯:২৮ এএম 
ঝালকাঠি শহরের পৌর সিটি পার্কের পুকুর। ছবি : সংগৃহীত
ঝালকাঠি শহরে কিছুদিন ধরে এক মানসিকভাবে ভারসাম্যহীন কিশোরীকে উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াতে দেখা যাচ্ছে। এই কিশোরী কখনো রাস্তার মোড়ে, কখনো লোকালয়ে বসে অস্বাভাবিক আচরণ করে থাকে। সম্প্রতি এই কিশোরীর গোসল করার একটি ভিডিওকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে ‘জলপরী’র গুজব ছড়িয়ে পড়েছে।

জানা গেছে, শনিবার দুপুরে ওই কিশোরী শহরের পৌর সিটি পার্কের পুকুরে গোসল করতে নামে। এ সময় সে পুকুরের পানিতে ভেসে হাত-পা নেড়ে এক ধরনের অঙ্গভঙ্গি (নৃত্য) করছিল। পুকুরপাড়ে উপস্থিত কেউ একজন মোবাইল ফোনে এই দৃশ্যটি ভিডিও করেন। পরবর্তীতে ‘ওয়াইফি আব্দুল্লাহ’ নামের একটি ফেসবুক আইডি থেকে সেই ভিডিওটি পোস্ট করে দাবি করা হয়— সিটি পার্কের পুকুরে ‘জলপরী’র আবির্ভাব ঘটেছে।

মুহূর্তের মধ্যেই পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়ে যায় এবং নেটদুনিয়ায় চাঞ্চল্যের সৃষ্টি করে। গুজব ছড়িয়ে পড়ার পর ভিডিওর নিচে নানা মানুষ নানা মন্তব্য করতে শুরু করেন। তবে স্থানীয় সচেতন নেটিজেনদের অনেকেই মন্তব্যের ঘরে আসল সত্যটি তুলে ধরেন এবং জানান যে এটি কোনো জলপরী নয়, বরং শহরের পরিচিত এক মানসিক ভারসাম্যহীন কিশোরী।


শিশু ও নারীদের অধিকার নিয়ে কাজ করা স্থানীয় সামাজিক কর্মী বীথি শর্মা বণিক এ বিষয়ে ক্ষোভ প্রকাশ করে বলেন, ঝালকাঠি শহরের বিভিন্ন স্থানে ঘুরে বেড়ানো এই কিশোরীটি মানসিকভাবে অসুস্থ। সে পুকুরে নেমে তার মতো করে অস্বাভাবিক আচরণ করছিল। কিন্তু ফেসবুক পেজে ভিউ ও ফলোয়ার বাড়ানোর ব্যবসায়িক উদ্দেশ্যে কিছু মানুষ তাকে ‘জলপরী’ আখ্যা দিয়ে পোস্ট করেছে, যা অত্যন্ত দুঃখজনক।

সিটি ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দিবস তালুকদার জানান, একটি অসহায় ও মানসিক ভারসাম্যহীন কিশোরীর ভিডিওকে ‘জলপরী’ বানিয়ে ইন্টারনেটে ছড়িয়ে দেওয়া হয়েছে স্রেফ ভিউ বাড়ানোর জন্য। সামাজিক যোগাযোগমাধ্যমের এমন অপব্যবহার রোধে সবার সচেতন হওয়া জরুরি।

সময়ের আলো/জোই


  বিষয়:   ঝালকাঠি  কিশোরী  গোসল  জলপরী  গুজব  বরিশাল  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: