দীর্ঘ ২১ বছরের নিখোঁজ সংবাদ আর মালয়েশিয়ার কারাগারে ১০ বছরের দুর্বিষহ বন্দিজীবনের অবসান ঘটিয়ে অবশেষে নিজ মাতৃভূমি ও পরিবারের কোলে ফিরে এসেছেন বাগেরহাটের রতন মৃধা।
শনিবার (১৮ জুলাই) সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বিশেষ সহায়তায় তিনি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। এরপর একই দিন বিকেলে বাগেরহাটের কচুয়া উপজেলার মঘিয়া ইউনিয়নের আন্ধারমানিক গ্রামে তার নিজ বাড়িতে পৌঁছালে সেখানে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। দীর্ঘ দুই দশকেরও বেশি সময় পর রতনকে জীবিত ফিরে পেয়ে পরিবার ও এলাকাবাসীর চোখে ছিল আনন্দের অশ্রু।
পারিবারিক সূত্রে জানা গেছে, দীর্ঘ ২১ বছর আগে ভাগ্য পরিবর্তনের আশায় বুক বেঁধে বিদেশে পাড়ি জমিয়েছিলেন আন্ধারমানিক গ্রামের রতন মৃধা। কিন্তু যাওয়ার পর দীর্ঘদিন তার কোনো খোঁজ না মেলায় পরিবার চরম দুশ্চিন্তা ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছিল। একপর্যায়ে তারা আশা ছেড়েই দিয়েছিলেন। পরবর্তীতে বিভিন্ন মাধ্যমে পরিবার জানতে পারে যে, রতন মালয়েশিয়ার একটি কারাগারে বন্দি রয়েছেন। সেখানে অপরাধের শিকার বা অন্য কোনো আইনি জটিলতায় দীর্ঘ ১০ বছর তাকে বন্দিজীবন কাটাতে হয়।
রতন মৃধার ফিরে আসার খবরে পুরো আন্ধারমানিক গ্রামজুড়ে এখন উৎসবের আমেজ। হারানো সন্তানকে বুকে ফিরে পেয়ে রতনের পরিবার বাংলাদেশ সরকার, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও প্রশাসনের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
সময়ের আলো/জোই