চট্টগ্রামের সীতাকুণ্ডে বাসের ধাক্কায় মো. ইমন (২০) নামে এক জাহাজ ভাঙা শ্রমিক নিহত হয়েছেন। রোববার (১৯ জুলাই) সকাল ৮টার দিকে উপজেলার কুমিরা বাইপাস রয়েল গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
ইমন পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলার বাসিন্দা এবং মো. সালামের ছেলে।
পুলিশ জানায়, ইমন সীতাকুণ্ডের বড় কুমিরা এলাকায় একটি শিপ ব্রেকিং ইয়ার্ডে শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন। সকালে কুমিরা বাইপাস রয়েল গেট এলাকায় রাস্তা পার হওয়ার সময় একটি দ্রুতগতির বাস তাকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তিনি নিহত হন। দুর্ঘটনার পর বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
বারআউলিয়া হাইওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মিল্টন মণ্ডল জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। নিহতের পরিবারের পক্ষ থেকে বিনা ময়নাতদন্তে মরদেহ হস্তান্তরের আবেদন করা হয়েছে। আবেদন পাওয়ায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।
তিনি আরও জানান, দুর্ঘটনার সঙ্গে জড়িত বাসটিকে শনাক্ত এবং এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
সময়ের আলো/জোই