কুমিল্লার দাউদকান্দিতে কিশোর অটোরিকশা চালক রিফাত (১৪) হত্যা ও ছিনতাই মামলার মূল তিন আসামিকে গ্রেফতার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। একই সঙ্গে ছিনতাই হওয়া অটোরিকশাটিও উদ্ধার করা হয়েছে।
রোববার (১৯ জুলাই) দিবাগত রাত সাড়ে ৩টায় দাউদকান্দি পৌরসভা ও কুমিল্লা কোতোয়ালি মডেল থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন, দেবিদ্বার থানার মো. শাহজালাল মুন্সী ওরফে জালাল (৩৬), কোতোয়ালি থানার মো. সুমন মিয়া (৩৫) এবং একই এলাকার মো. সোহেল মিয়া (৩১)।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২২ এপ্রিল (বুধবার) সকালে রিফাত ব্যাটারিচালিত অটোরিকশা নিয়ে বের হয়ে আর বাড়ি ফেরেননি। স্বজনরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরদিন ২৩ এপ্রিল (বৃহস্পতিবার) সকাল সাড়ে ১০টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন উপজেলার জিংলাতলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর পাশের সংযোগ সেতুর নিচের খাল থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় নিহত রিফাতের মা সুমি আক্তার বাদী হয়ে ২৪ এপ্রিল দাউদকান্দি মডেল থানায় একটি হত্যা ও ছিনতাই মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মো. রবিউল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি দল অভিযান চালিয়ে এই তিন আসামিকে গ্রেফতার করে।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম জানান, তদন্তের মাধ্যমে হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার এবং ছিনতাই হওয়া অটোরিকশাটি উদ্ধার করা হয়েছে। সোমবার সকালে আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিয়ে কুমিল্লা আদালতে পাঠানো হয়েছে।
সময়ের আলো/জোই