টাঙ্গাইলের কালিহাতীতে এক মানসিক ভারসাম্যহীন যুবতীকে (২৫) ধর্ষণের অভিযোগে আমির হোসেন (৭৫) নামের এক বৃদ্ধকে আটক করা হয়েছে। সোমবার (২০ জুলাই) উপজেলার কোকডহড়া ইউনিয়নের কুটুরিয়া গ্রামে এ ঘটনা ঘটে। আমির হোসেন ওই গ্রামের বাসিন্দা।
স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দুপুরে ভারসাম্যহীন যুবতী এলাকায় প্লাস্টিকের বোতল কুড়াচ্ছিলেন। এ সময় অভিযুক্ত আমির হোসেন তাকে ফুসলিয়ে নিজের বাড়িতে নিয়ে যান। বিষয়টি স্থানীয় বাসিন্দা ইয়ার আলী দেখতে পেয়ে তাৎক্ষণিক ভিকটিমের বাবাকে জানান। ভিকটিমের বাবা দ্রুত আমির হোসেনের বাড়িতে গিয়ে মূল ফটক বন্ধ দেখতে পান। বেশ কিছু সময় ডাকাডাকির পর বাড়ির গেট খোলা হলে, স্বজনরা বাড়ির রান্নাঘরের ভেতর থেকে মানসিক ভারসাম্যহীন ওই যুবতীকে উদ্ধার করেন।
কালিহাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কাইয়ুম খান সিদ্দিকী জানান, ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত আমির হোসেনকে আটক করেছে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা নিয়ে নিয়মিত মামলা করে আসামিকে আদালতে পাঠানো হয়েছে।
সময়ের আলো/জোই