ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করতে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা

‎ জ্যেষ্ঠ প্রতিবেদক

অর্থনীতি

‎দেশের ক্রমবর্ধমান ফ্রিল্যান্সিং ও ডিজিটাল সেবা রপ্তানি খাতকে আরও গতিশীল করতে বৈদেশিক মুদ্রা লেনদেনের নিয়মে বড় ধরনের শিথিলতা এনেছে বাংলাদেশ

2026-07-22T15:19:17+00:00
2026-07-22T15:20:28+00:00
 
  বুধবার, ২২ জুলাই ২০২৬,
৭ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ২২ জুলাই ২০২৬
অর্থনীতি
ফ্রিল্যান্সারদের বৈদেশিক লেনদেন সহজ করতে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা
‎ জ্যেষ্ঠ প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৩:১৯ পিএম  আপডেট: ২২.০৭.২০২৬ ৩:২০ পিএম
ছবি : সংগৃহীত
‎দেশের ক্রমবর্ধমান ফ্রিল্যান্সিং ও ডিজিটাল সেবা রপ্তানি খাতকে আরও গতিশীল করতে বৈদেশিক মুদ্রা লেনদেনের নিয়মে বড় ধরনের শিথিলতা এনেছে বাংলাদেশ ব্যাংক। ‎বুধবার (২২ জুলাই) জারি করা এক সার্কুলারের মাধ্যমে ফ্রিল্যান্সার ও ব্যক্তি পর্যায়ের সেবা রপ্তানিকারকদের জন্য বৈদেশিক আয় দেশে আনা, সংরক্ষণ এবং ব্যবহারের প্রক্রিয়া আরও সহজ করা হয়েছে।

‎নতুন নির্দেশনায় বলা হয়েছে, এখন থেকে ফ্রিল্যান্সাররা প্ল্যাটফর্ম স্টেটমেন্ট, ই-মেইল, ইনভয়েস, চুক্তিপত্র বা অন্যান্য ডিজিটাল যোগাযোগকে বৈদেশিক আয়ের গ্রহণযোগ্য প্রমাণ হিসেবে ব্যবহার করতে পারবেন। ফলে প্রচলিত রপ্তানি নথি বা জটিল কাগজপত্রের ওপর নির্ভরতা কমবে এবং ডিজিটাল সেবা রপ্তানির বাস্তবতার সঙ্গে ব্যাংকিং প্রক্রিয়ার আরও সমন্বয় ঘটবে।

‎বাংলাদেশ ব্যাংকের এ উদ্যোগে ক্ষুদ্র ও মাঝারি অঙ্কের বৈদেশিক লেনদেনও সহজ হয়েছে। সার্কুলার অনুযায়ী, ২০ হাজার মার্কিন ডলার পর্যন্ত ইনওয়ার্ড রেমিট্যান্স কোনো আনুষ্ঠানিক ঘোষণাপত্র ছাড়াই গ্রহণ করা যাবে। এছাড়া অনলাইন পেমেন্ট গেটওয়ে সার্ভিস প্রোভাইডার (ওপিজিএসপি)-এর মাধ্যমে প্রতি লেনদেনে সর্বোচ্চ ১০ হাজার মার্কিন ডলার পর্যন্ত অর্থ গ্রহণের সুযোগ রাখা হয়েছে। তবে এ অর্থ নির্ধারিত সময়ের মধ্যে দেশে প্রত্যাবাসন নিশ্চিত করতে হবে।

‎ডিজিটাল পেমেন্ট ব্যবস্থাকে আরও বিস্তৃত করতে সার্কুলারে ডুয়াল-কারেন্সি ‘ফ্রিল্যান্সার কার্ড’ চালুর সুযোগ রাখা হয়েছে। পাশাপাশি মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডার (এমএফএসপি) এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি)-এর মাধ্যমে বৈদেশিক আয়ের লেনদেনের পরিধিও বাড়ানো হয়েছে। এতে ফ্রিল্যান্সারদের জন্য অর্থ গ্রহণ ও ব্যবহারের প্রক্রিয়া আরও দ্রুত, সহজ ও প্রযুক্তিনির্ভর হবে বলে মনে করা হচ্ছে।

‎বৈদেশিক মুদ্রা সংরক্ষণের ক্ষেত্রেও এসেছে নতুন সুবিধা। তথ্যপ্রযুক্তি খাতের ফ্রিল্যান্সাররা তাদের রপ্তানি আয়ের সর্বোচ্চ ৫০ শতাংশ বৈদেশিক মুদ্রায় এক্সপোর্টার্স রিটেনশন কোটা (ইআরকিউ) হিসাবে সংরক্ষণ করতে পারবেন। অন্যদিকে তথ্যপ্রযুক্তি ছাড়া অন্যান্য সেবা রপ্তানিকারকদের জন্য এ সীমা ৩০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। ফলে আন্তর্জাতিক সফটওয়্যার, ক্লাউড সেবা, অনলাইন বিজ্ঞাপন, সাবস্ক্রিপশন বা অন্যান্য বৈদেশিক ব্যয় নির্বাহে তারা আরও বেশি নমনীয়তা পাবেন।

‎সংশ্লিষ্টরা বলছেন, দীর্ঘদিন ধরেই ফ্রিল্যান্সাররা বৈদেশিক আয় গ্রহণে জটিল কাগজপত্র, ব্যাংকিং প্রক্রিয়া এবং অর্থ দেশে আনার নিয়ম নিয়ে নানা সমস্যার মুখোমুখি হচ্ছিলেন। নতুন সার্কুলারের ফলে এসব প্রতিবন্ধকতা অনেকটাই দূর হবে এবং আনুষ্ঠানিক ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বৈদেশিক আয় দেশে আনার প্রবণতা বাড়বে।

‎বাজার বিশ্লেষকদের মতে, ডিজিটাল বাণিজ্যের পরিবর্তিত বাস্তবতার সঙ্গে সামঞ্জস্য রেখে বাংলাদেশ ব্যাংকের এই উদ্যোগ সময়োপযোগী। এতে একদিকে যেমন ফ্রিল্যান্সারদের ব্যবসা পরিচালনা সহজ হবে, অন্যদিকে বৈদেশিক মুদ্রার আনুষ্ঠানিক প্রবাহ বৃদ্ধি, সেবা রপ্তানির স্বচ্ছতা নিশ্চিত এবং দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করতেও ইতিবাচক ভূমিকা রাখবে।

‎ব্যবসায়িক মহলের ধারণা, নতুন নির্দেশনা বাংলাদেশের ফ্রিল্যান্সিং খাতকে আরও প্রতিযোগিতামূলক করে তুলবে এবং বৈশ্বিক ডিজিটাল অর্থনীতিতে দেশের অংশগ্রহণ বাড়াবে। একই সঙ্গে জ্ঞানভিত্তিক ও প্রযুক্তিনির্ভর সেবা রপ্তানিকে উৎসাহিত করে সরকারের ডিজিটাল অর্থনীতি গড়ে তোলার লক্ষ্য অর্জনেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


সময়ের আলো/কেএইচ


  বিষয়:   সময়ের আলো  ফ্রিল্যান্সার  লেনদেন 


Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: