প্রকাশ: রোববার, ১ নভেম্বর, ২০২৬, ১১:৪০ পিএম
রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব)। ছবি : সংগৃহীতরিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) কার্যক্রম সীমিত রাখার বিষয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের জারি করা নির্দেশনার কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। গত ১৭ অক্টোবর মন্ত্রণালয়ের জারি করা ওই নির্দেশনার কার্যকারিতা স্থগিত করে রবিবার এ আদেশ দেন আদালত। এর ফলে রিহ্যাবের সাংগঠনিক ও অন্যান্য কার্যক্রম পরিচালনায় আপাতত আর কোনো বাধা থাকছে না। রবিবার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় সংগঠনটি।
রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাকের দায়ের করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ এ আদেশ দেন। রিট পিটিশন নম্বর ১০৪৩৬/২০২৬। আইনজীবী কামরুল বিন আজাদের ১ নভেম্বর তারিখের দেওয়া সনদপত্রে আদালতের এ আদেশের বিষয়টি জানানো হয়েছে।
আইনজীবীর সনদপত্র অনুযায়ী, গত ১৭ অক্টোবর বাণিজ্য মন্ত্রণালয়ের বাণিজ্য সংগঠন-২ শাখা থেকে জারি করা এক চিঠিতে রিহ্যাবের কার্যক্রম সীমিত করা হয়েছিল। ওই নির্দেশনায় নিয়মিত বা রুটিন কার্যক্রম ছাড়া অন্য যেকোনো ধরনের সভা ও কার্যক্রম পরিচালনায় বিধিনিষেধ আরোপ করা হয়। এতে সংগঠনটির বোর্ড সভা, বার্ষিক সাধারণ সভা, মেলা ও অন্যান্য সাংগঠনিক কার্যক্রম পরিচালনা বাধাগ্রস্ত হচ্ছিল।
মন্ত্রণালয়ের ওই নির্দেশনার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট করেন রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট আব্দুর রাজ্জাক। রিটের শুনানি শেষে ১ নভেম্বর হাইকোর্টের ডিভিশন বেঞ্চ বাণিজ্য মন্ত্রণালয়ের ১৭ অক্টোবরের চিঠির কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত রাখার আদেশ দেন।
আদালতের এ আদেশের ফলে রিহ্যাবের ওপর আরোপিত কার্যক্রম পরিচালনার সীমাবদ্ধতা আপাতত উঠে যাচ্ছে। এখন সংগঠনটি বোর্ড সভা, এজিএম, মেলা ও অন্যান্য সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করতে পারবে।
রিহ্যাবের সাংগঠনিক কার্যক্রম স্বাভাবিকভাবে পরিচালনার ক্ষেত্রে হাইকোর্টের এ আদেশকে গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে মন্ত্রণালয়ের নির্দেশনার কারণে যেসব কার্যক্রম স্থগিত বা বাধাগ্রস্ত হয়েছিল, সেগুলো পুনরায় পরিচালনার সুযোগ তৈরি হয়েছে।
আইনজীবীর সনদপত্রে আরও বলা হয়েছে, হাইকোর্টের আনুষ্ঠানিক আদেশ যথাযথ প্রক্রিয়ায় সংশ্লিষ্ট পক্ষগুলোকে জানানো হবে।
সময়ের আলো/প্রিন্ট/এমকে