সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রায় এক হাজার প্রবাসী বাংলাদেশি অংশ নেবেন বলে আশা করছেন আয়োজকরা। ছবি : সংগৃহীতদেশের অর্থনীতিতে প্রবাসী বাংলাদেশিদের বিনিয়োগ বাড়ানো এবং আন্তর্জাতিক ব্যবসায়িক যোগাযোগ সম্প্রসারণের লক্ষ্য নিয়ে ঢাকায় বসছে ‘এনআরবি ওয়ার্ল্ড সামিট ২০২৬’। আগামী ২৮ ও ২৯ ডিসেম্বর রাজধানীর শেরাটন হোটেলে অনুষ্ঠেয় এ সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রায় এক হাজার প্রবাসী বাংলাদেশি অংশ নেবেন বলে আশা করছেন আয়োজকরা।
সম্মেলনে প্রবাসী উদ্যোক্তা ও আন্তর্জাতিক বিনিয়োগকারীদের পাশাপাশি ব্যবসায়ী নেতা, নীতিনির্ধারক, কূটনীতিক, উন্নয়ন বিশেষজ্ঞ এবং দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেবেন। দুদিনের এ আয়োজনের মধ্য দিয়ে বাংলাদেশের সঙ্গে প্রবাসী সম্প্রদায়ের অর্থনৈতিক ও প্রাতিষ্ঠানিক সম্পর্ক জোরদার এবং নতুন বিনিয়োগ ও ব্যবসায়িক অংশীদারিত্বের ক্ষেত্র তৈরির উদ্যোগ নেওয়া হবে।
রোববার জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সামিটের বিস্তারিত পরিকল্পনা তুলে ধরেন আয়োজক সংগঠন এনআরবি ওয়ার্ল্ডের প্রতিষ্ঠাতা ও সভাপতি মো. সাহিদুজ্জামান টরিক। এ সময় সংগঠনটির অন্য নেতারাও উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনের উদ্দেশ্য, সম্ভাব্য কার্যক্রম এবং বিভিন্ন দেশে পরিচালিত প্রস্তুতি ও প্রচার কার্যক্রম সম্পর্কে জানানো হয়।
আয়োজকদের তথ্যমতে, সম্মেলনকে আন্তর্জাতিক পরিসরে ছড়িয়ে দিতে ইতিমধ্যে বিভিন্ন দেশে প্রচার ও যোগাযোগ কার্যক্রম চালানো হয়েছে। এর অংশ হিসেবে যুক্তরাজ্য ও ফ্রান্সে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এ ছাড়া কানাডা, যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, জাপান, সিঙ্গাপুর, দুবাই এবং ইউরোপের বিভিন্ন অঞ্চলে প্রবাসী বাংলাদেশিদের সঙ্গে বৈঠক করেছেন আয়োজকরা। এসব কার্যক্রমের মাধ্যমে সম্মেলনে প্রবাসীদের অংশগ্রহণ নিশ্চিত করার পাশাপাশি আন্তর্জাতিক ব্যবসায়িক যোগাযোগ ও অংশীদারিত্ব তৈরির চেষ্টা চলছে।
সম্মেলনের আলোচ্যসূচিতে থাকছে আন্তর্জাতিক ব্যবসা-বাণিজ্য ও বিনিয়োগ, স্বাস্থ্যসেবা, প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই), দক্ষতা উন্নয়ন, কর্মসংস্থান, জ্বালানি নিরাপত্তা এবং টেকসই উন্নয়নের মতো গুরুত্বপূর্ণ বিষয়। এসব বিষয়ে প্যানেল আলোচনা ও কৌশলগত সংলাপের আয়োজন করা হবে। পাশাপাশি অংশগ্রহণকারীদের মধ্যে সরাসরি যোগাযোগ ও অভিজ্ঞতা বিনিময়ের সুযোগ রাখা হবে।
আয়োজকদের প্রত্যাশা, বিভিন্ন দেশে প্রতিষ্ঠিত বাংলাদেশি উদ্যোক্তা ও পেশাজীবীদের অভিজ্ঞতা দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডে কাজে লাগানোর ক্ষেত্রে সম্মেলনটি কার্যকর ভূমিকা রাখবে। বিশেষ করে আন্তর্জাতিক বাজারে ব্যবসা সম্প্রসারণ, নতুন উদ্যোক্তা তৈরি, প্রযুক্তিগত উদ্ভাবন এবং বিনিয়োগের সম্ভাবনাময় খাত চিহ্নিত করার বিষয়ে আলোচনা গুরুত্ব পাবে।
প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যবসায়িক সম্পর্ক গড়ে তোলার পাশাপাশি দেশের সঙ্গে তাদের দীর্ঘমেয়াদি সম্পৃক্ততা বাড়ানোর বিষয়টিও সম্মেলনের অন্যতম লক্ষ্য। বিশ্বের বিভিন্ন দেশে ছড়িয়ে থাকা বাংলাদেশিদের দক্ষতা, পেশাগত অভিজ্ঞতা ও বৈশ্বিক যোগাযোগকে দেশের উন্নয়ন কর্মকাণ্ডে যুক্ত করার বিষয়ে মতবিনিময় করবেন অংশগ্রহণকারীরা।
এনআরবি ওয়ার্ল্ডের নেতারা মনে করছেন, প্রবাসী বাংলাদেশিদের মধ্যে পারস্পরিক যোগাযোগের পরিসর বাড়লে দেশের জন্য নতুন বিনিয়োগ ও ব্যবসায়িক সুযোগ তৈরি হতে পারে। একই সঙ্গে আন্তর্জাতিক পর্যায়ে বাংলাদেশি উদ্যোক্তাদের অবস্থান শক্তিশালী করা এবং বিভিন্ন দেশের প্রতিষ্ঠানের সঙ্গে প্রাতিষ্ঠানিক সহযোগিতা বাড়ানোর পথও তৈরি হবে।
উল্লেখ্য, এনআরবি ওয়ার্ল্ড যুক্তরাষ্ট্রভিত্তিক একটি অলাভজনক ও অরাজনৈতিক সংগঠন। বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত বাংলাদেশিদের মধ্যে যোগাযোগ ও পেশাগত সহযোগিতা বাড়ানো, বিনিয়োগে উৎসাহ দেওয়া এবং দেশের উন্নয়ন কার্যক্রমে প্রবাসীদের অংশগ্রহণ নিশ্চিত করার লক্ষ্যে কাজ করছে সংগঠনটি।
সময়ের আলো/প্রিন্ট/এমকে