রোববার (১ নভেম্বর) থেকে ব্যক্তি থেকে ব্যক্তি বা পিটুপি লেনদেনের এ সেবা চালু হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে চালু হওয়া এ সেবায় টাকা পাঠাতে প্রাপকের মোবাইল নম্বর কিংবা ব্যাংক হিসাব নম্বর আলাদাভাবে লিখতে হবে না। শুধু প্রাপকের বাংলা কিউআর কোড স্ক্যান করে প্রয়োজনীয় তথ্য যাচাই করলেই লেনদেন সম্পন্ন করা যাবে।
কেন্দ্রীয় ব্যাংক মনে করছে, নতুন এ ব্যবস্থার ফলে ব্যক্তিপর্যায়ে অর্থ স্থানান্তর আরও সহজ, দ্রুত ও নিরাপদ হবে। পাশাপাশি টাকা পাঠানোর সময় ভুল মোবাইল নম্বর বা ব্যাংক হিসাবের তথ্য দেওয়ার ঝুঁকিও কমবে।
বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, বাংলা কিউআরের মাধ্যমে পিটুপি লেনদেন চালু হওয়ায় দৈনন্দিন আর্থিক লেনদেনে নগদ অর্থের ব্যবহার কমবে। একই সঙ্গে ডিজিটাল পেমেন্ট ব্যবস্থার বিস্তার ও নগদবিহীন লেনদেনের প্রসারেও এ সেবা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
কেন্দ্রীয় ব্যাংকের মতে, এই উদ্যোগের ফলে দেশের ডিজিটাল পেমেন্ট ব্যবস্থা আরও সহজলভ্য ও অন্তর্ভুক্তিমূলক হয়ে উঠবে।
সময়ের আলো/ইউএমএইচ