সাংবাদিকদের সঙ্গে কথোপকথনকালে বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান বাবু । ছবি : সংগৃহীতপোশাকশিল্পে চলমান শ্রমিক অসন্তোষ, কারখানা ভাঙচুর ও বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন তৈরি পোশাকশিল্পের মালিকরা। কারখানা পরিচালনার অনুকূল পরিবেশ নিশ্চিত না হলে মালিকরা আর কারখানা চালু রাখতে চান না বলে জানিয়েছেন বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি মাহমুদ হাসান খান বাবু।
রোববার (১ নভেম্বর) সন্ধ্যায় নিজ কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে কথোপকথনকালে তিনি এসব কথা বলেন।
বিজিএমইএ সভাপতি বলেন, ‘উদ্যোক্তারা কারখানা চালু রাখার উদ্দেশ্যেই বিনিয়োগ করেছেন। প্রতিটি সদস্যই নিয়মিত উৎপাদন কার্যক্রম পরিচালনা করতে চান। তবে কারখানা চালানোর মতো পরিবেশ না থাকলে তা অব্যাহত রাখা সম্ভব নয়।’
তিনি বলেন, ‘পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে নতুন মজুরি বোর্ড গঠনের প্রজ্ঞাপন জারি হয়েছে। এ বিষয়ে শ্রমিকদের আগেই জানানো হয়েছিল। এরপরও বিভিন্ন স্থানে বিশৃঙ্খলা, কারখানা ভাঙচুর এবং উৎপাদন কার্যক্রমে বাধা দেওয়ার ঘটনা ঘটেছে।’
মাহমুদ হাসান খান বাবু আরও বলেন, ‘অধিকাংশ শ্রমিক কাজ করতে চান এবং মালিকপক্ষও কারখানা সচল রাখতে আগ্রহী।’ কিন্তু কিছু শ্রমিক নামধারী ব্যক্তি অস্থিতিশীল পরিস্থিতি তৈরির চেষ্টা করছেন বলে তাদের অভিযোগ। আইনশৃঙ্খলা বাহিনী বিষয়টি শনাক্ত করেছে বলেও তিনি উল্লেখ করেন।
তিনি বলেন, ‘এ পরিস্থিতিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর ভূমিকা নিতে হবে।’ যারা আইন নিজের হাতে তুলে নিচ্ছেন, তাদের আইনের আওতায় আনার আহ্বান জানান তিনি। বিশৃঙ্খলা অব্যাহত থাকলে মালিকরা আর কারখানা চালাতে আগ্রহী থাকবেন না বলেও মন্তব্য করেন বিজিএমইএ সভাপতি। এ বিষয়ে শিগগিরই সরকারের সঙ্গে বৈঠক করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানান তিনি।
এদিকে ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণসহ বিভিন্ন দাবিতে রোববার সকাল থেকে রাজধানীর মিরপুর, গাজীপুর ও সাভারের বিভিন্ন এলাকায় সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন পোশাকশ্রমিকেরা।
মিরপুরে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের সংঘর্ষের একপর্যায়ে মিরপুর-১১ নম্বরে পুলিশের একটি গাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সাউন্ড গ্রেনেড ও বাঁশি ব্যবহার করে বিক্ষোভকারীদের সড়ক থেকে সরিয়ে দেয়।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) যুগ্ম কমিশনার মহিদুল ইসলাম জানান, ‘জনসাধারণের ভোগান্তি কমাতে সড়ক অবরোধমুক্ত করা হয়েছে। এ সময় কোনো লাঠিচার্জ করা হয়নি এবং কাউকে আটকও করা হয়নি। শ্রমিক আন্দোলনের সুযোগ নিয়ে সরকারবিরোধী বা রাষ্ট্রবিরোধী কোনো চক্র আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।’
অন্যদিকে শ্রমিকদের বিক্ষোভের মধ্যেই পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি নির্ধারণে ছয় সদস্যের নতুন মজুরি বোর্ড গঠনের ঘোষণা দিয়েছে সরকার।
রোববার সচিবালয়ে শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী এ ঘোষণা দেন।
বোর্ডের প্রজ্ঞাপন অনুযায়ী, মালিকপক্ষের প্রতিনিধি হিসেবে বিজিএমইএর পরিচালক এ বি এম সামছুদ্দিন এবং শ্রমিকপক্ষের প্রতিনিধি হিসেবে বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড ইন্ডাস্ট্রিয়াল শ্রমিক ফেডারেশনের সাধারণ সম্পাদক বাবুল আখতারকে মনোনীত করা হয়েছে। নিরপেক্ষ সদস্য হিসেবে দায়িত্ব পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ড. মোসলেহ উদ্দিন আহমদ।
সময়ের আলো/এসকে