প্রকাশ: রোববার, ১ নভেম্বর, ২০২৬, ১১:৩৭ পিএম
ব্যক্তি থেকে ব্যক্তির মধ্যে অর্থ স্থানান্তরেও যুক্ত হলো বাংলা কিউআর সুবিধা। ছবি : সংগৃহীতডিজিটাল লেনদেনের পরিধি বাড়াতে এবার ব্যক্তি থেকে ব্যক্তির মধ্যে অর্থ স্থানান্তরেও যুক্ত হলো বাংলা কিউআর সুবিধা। নতুন এই ব্যবস্থায় কাউকে টাকা পাঠাতে আর তার মোবাইল নম্বর কিংবা ব্যাংক হিসাব নম্বর টাইপ করার প্রয়োজন হবে না। প্রাপকের কিউআর কোড স্ক্যান করে তথ্য যাচাই করেই সম্পন্ন করা যাবে অর্থ স্থানান্তর।
রোববার থেকে দেশে বাংলা কিউআরভিত্তিক ব্যক্তি থেকে ব্যক্তি (পিটুপি) লেনদেনের এ সেবা চালু হয়েছে। বাংলাদেশ ব্যাংকের উদ্যোগে চালু হওয়া এই ব্যবস্থাকে ব্যক্তি পর্যায়ে ডিজিটাল পেমেন্ট সহজ করার নতুন পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
নতুন পদ্ধতিতে এক ব্যক্তি অন্য ব্যক্তিকে অর্থ পাঠাতে চাইলে প্রথমে প্রাপকের বাংলা কিউআর কোড স্ক্যান করবেন। এরপর স্ক্রিনে প্রদর্শিত প্রাপকের প্রয়োজনীয় তথ্য যাচাই করে লেনদেন সম্পন্ন করতে পারবেন। ফলে অর্থ পাঠানোর সময় মোবাইল নম্বর বা ব্যাংক হিসাব নম্বর মনে রাখা কিংবা ভুল নম্বর টাইপ করার ঝুঁকি কমবে।
বিশেষ করে দৈনন্দিন জীবনের ছোটখাটো আর্থিক লেনদেনে এই সুবিধা কার্যকর ভূমিকা রাখতে পারে। পরিচিতজনকে টাকা পাঠানো কিংবা ব্যক্তিগত পর্যায়ে বিভিন্ন পাওনা পরিশোধের ক্ষেত্রে কিউআর কোড ব্যবহারের সুযোগ তৈরি হওয়ায় লেনদেন প্রক্রিয়া আরও সহজ ও দ্রুত হবে।
বাংলাদেশ ব্যাংকের মতে, বাংলা কিউআরভিত্তিক পিটুপি সেবা চালুর মাধ্যমে দেশের পেমেন্ট ব্যবস্থাকে আরও অন্তর্ভুক্তিমূলক করার সুযোগ তৈরি হয়েছে। একই সঙ্গে ব্যক্তি পর্যায়ে ডিজিটাল লেনদেনের ব্যবহার বাড়বে এবং নগদ অর্থের ওপর নির্ভরতা কমবে বলে আশা করা হচ্ছে।
সংশ্লিষ্টদের প্রত্যাশা, নতুন এই সেবার বিস্তারের ফলে সাধারণ মানুষের দৈনন্দিন আর্থিক লেনদেনে ডিজিটাল মাধ্যমের ব্যবহার আরও বাড়বে। এতে নগদ টাকার পরিবর্তে প্রযুক্তিনির্ভর লেনদেনের অভ্যাস গড়ে তোলার পথও সহজ হবে।
সময়ের আলো/প্রিন্ট/এমকে