চট্টগ্রামের বোয়ালখালী উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় আহত মো. মুছা (৫২) নামে পথচারী ৫ দিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন।
মঙ্গলবার (২১ জুলাই) রাত ৮টার দিকে চট্টগ্রাম নগরের জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
নিহত মো. মুছা বোয়ালখালী পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পূর্ব গোমদণ্ডী এলাকার বাসিন্দা।
পরিবার ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, গত ১৭ জুলাই বিকেল ৫টার দিকে বাড়ি ফেরার পথে উপজেলার কানুনগোপাড়া বিদ্যুৎ অফিসের সামনে রাস্তা পার হওয়ার সময় পেছন দিক থেকে একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন।
নিহতের জামাতা মো. জাহাঙ্গীর আলম মামুন বলেন, ‘দুর্ঘটনার পর প্রথমে তাকে বোয়ালখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরদিন আইসিইউ সাপোর্টের জন্য তাকে আন্দরকিল্লা জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় মঙ্গলবার রাতে তার মৃত্যু হয়।’
বোয়ালখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বলেন, ‘নগরের কোতোয়ালী থানা পুলিশ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’
সময়ের আলো/মহু