বাগেরহাটে হস্তান্তরের আগেই মাদরাসার নতুন ভবনে ফাটল

বাগেরহাট প্রতিনিধি

সারাদেশ

বাগেরহাটে একটি দাখিল মাদরাসার নির্মাণাধীন নতুন ভবনের আনুষ্ঠানিক হস্তান্তরের আগেই বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। এ নিয়ে শিক্ষক, অভিভাবক ও

2026-07-22T17:42:57+00:00
2026-07-22T17:43:51+00:00
 
  বুধবার, ২২ জুলাই ২০২৬,
৭ শ্রাবণ ১৪৩৩
বুধবার, ২২ জুলাই ২০২৬
সারাদেশ
বাগেরহাটে হস্তান্তরের আগেই মাদরাসার নতুন ভবনে ফাটল
বাগেরহাট প্রতিনিধি
প্রকাশ: বুধবার, ২২ জুলাই, ২০২৬, ৫:৪২ পিএম  আপডেট: ২২.০৭.২০২৬ ৫:৪৩ পিএম
চর হোগলাবুনিয়া আজিজিয়া দাখিল মাদরাসা। ছবি : সময়ের আলো
বাগেরহাটে একটি দাখিল মাদরাসার নির্মাণাধীন নতুন ভবনের আনুষ্ঠানিক হস্তান্তরের আগেই বিভিন্ন স্থানে ফাটল দেখা দিয়েছে। এ নিয়ে শিক্ষক, অভিভাবক ও স্থানীয় এলাকাবাসীদের মাঝে ক্ষোভ সৃষ্টি হয়েছে। 

সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, মোরেলগঞ্জ উপজেলার হোগলাবুনিয়া ইউনিয়নের চর হোগলাবুনিয়া আজিজিয়া দাখিল মাদরাসাটি ১৯৭৪ সালে স্থাপিত হলেও পরবর্তীতে প্রতিষ্ঠানের অবকাঠামোর উন্নয়ন হয়নি। এ মাদরাসায় ইবতেদায়ী ও দাখিল শাখায় প্রায় ৩ শতাধিক শিক্ষার্থী রয়েছে। দাখিল পরীক্ষায় প্রতি বছরই এ মাদরাসা থেকে পরীক্ষার্থীরা ভালো রেজাল্ট করলেও, অবকাঠামো উন্নয়ন না হওয়ার কারণে লেখাপড়ার পরিবেশ দিন দিন ব্যাহত হয়।

তারপর ২০১৯ সালে সরকারিভাবে জেলা শিক্ষা প্রকৌশলী অধিদফতরের মাধ্যমে এ মাদরাসায় একাডেমিক প্রশাসনিক নতুন ভবনের জন্য প্রায় ১ কোটি ১০ লাখ টাকা ব্যয়ে নির্মাণ কাজ শুরু হয়। ২০২৫ সালের ডিসেম্বর মাসে কাজ প্রায় সমাপ্ত হলেও সংশ্লিষ্ট কর্মকর্তারা আনুষ্ঠানিকভাবে এখনো ভবন হস্তান্তর করেননি। অবশ্য, মাদরাসা কর্তৃপক্ষ ইতোমধ্যে শ্রেণিকক্ষ সংকটের কারণে নতুন ভবনে ছাত্র-ছাত্রীদের পাঠদান কার্যক্রম শুরু করেন। চলতি বছরের ১৩ মে স্থানীয় সংসদ সদস্যের উপস্থিতিতে অফিস কার্যক্রমসহ শ্রেণিকক্ষের সকল কার্যক্রম শুরু করেন শিক্ষকরা।


সম্প্রতি নতুন ভবনটির দেয়ালে, ক্লাসরুমে, শিক্ষকদের মিলনায়তন কক্ষ ও ছাদের বিভিন্ন স্থানে ফাটল দেখা যায়। এছাড়াও, ভবনের জানালাগুলোর কোনোটাতেই ছিটকিনি না লাগানো, বাথরুমের পানি নিষ্কাশনের সমস্যা, নিম্নমানের টাইলস ব্যবহারসহ নানাবিধ সমস্যা রেখেই ঠিকাদার প্রতিষ্ঠান ফেলে রেখে গেছে এ ভবনটি। 

মাদরাসার ভারপ্রাপ্ত সুপার মো. আবুল হাসানসহ অভিযোগ করে বলেন, ‘নির্দিষ্ট সময়ে ঠিকাদার কাজটি শেষ করতে পারেননি। এ ভবনটি তৈরিতে ৬ বছর ধরে কাজ করছেন তারা। ভবনের বিভিন্ন স্থানে ফাটলসহ নানাবিধ সমস্যার বিষয়ে বাগেরহাট জেলা শিক্ষা প্রকৌশলী কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। ঠিকাদারের লোকজন একবার এসে পরবর্তীতে কাজ না করে চলে যায়।’

মাদরাসার সভাপতি মো. রেজাউল করিম বলেন, ‘আড়াই মাস আগে শ্রেণিকক্ষ সংকটের কারণে প্রতিষ্ঠানের সুপারসহ অবিভাবকদের সিদ্ধান্ত মোতাবেক নতুন ভবনে ছাত্র-ছাত্রীদের শিক্ষাকার্যক্রম শুরু করা হয়। ভবনের ফাটলের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের অবহিত করার পরও অদ্যাবধি কোনো ব্যবস্থা গ্রহণ করেননি।’

এ সম্পর্কে বাগেরহাট জেলা শিক্ষা প্রকৌশলী অধিদফতরের সহকারী প্রকৌশলী আ স ম জুলফিকার হোসেন বলেন, ‘নির্মাণাধীন ভবনটি এখনো আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়নি। তবে, নতুন ভবনের সমস্যার বিষয়ে মাদরাসা কর্তৃপক্ষ অবহিত করেননি। বিষয়টি খোঁজ খবর নিয়ে সমস্যার সমাধান করা হবে।’

সময়ের আলো/মহু




  বিষয়:   বাগেরহাট  মাদরাসা  ফাটল  ভবন  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: