বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা গণভোটের রায় ও জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং জুলাই গণহত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে।
বুধবার (২২ জুলাই) দুপুর দেড়টার দিকে চাকসু ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে প্রশাসনিক ভবন ও শহিদ মিনার এলাকা প্রদক্ষিণ করে কাটা পাহাড় রাস্তা দিয়ে এসে জিরো পয়েন্টে শেষ হয়।
এ সময় শাখা ছাত্রশিবিরের নেতাকর্মীরা ‘গণভোটের জনরায়, বাস্তবায়ন করতে হবে’, ‘ফাঁসি চাই ফাঁসি চাই, খুনি হাসিনার ফাঁসি চাই, ‘ফরহাদের রক্ত বৃথা যেতে দিব না’, ‘তরুণের রক্ত, বৃথা যেতে দিব না’ এবং ‘দিল্লির দালালেরা, হুঁশিয়ার সাবধান’সহ বিভিন্ন স্লোগান দেন।
বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশে চবি শাখা ছাত্রশিবির সভাপতি ও চাকসুর ভিপি ইব্রাহিম হোসেন রনি বলেন, ‘আমরা সরকারকে বলতে চাই, জুলাইয়ের গণরায় মেনে নিন। যদি জুলাইয়ের গণরায় মেনে না নেন, তাহলে এর পরিণতি কত ভয়াবহ হবে তা আপনি চিন্তাও করতে পারবেন না। জুলাই আন্দোলনে যেই কিশোররা নেতৃত্ব দিয়েছিল, তারা এখন ইন্টারমিডিয়েটের শিক্ষার্থী। সে সময় যে যুবকরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিল, তারা এখন বিশ্ববিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে এই বাংলাদেশকে নেতৃত্ব দিচ্ছে। তারা যদি আবারও জেগে উঠে, পরিস্থিতি সামাল দিতে পারবেন না। তাই অতিদ্রুত সময়ের মধ্যে জুলাই সনদ বাস্তবায়ন করুন।’
এ সময় শাখা সেক্রেটারি হাবিবুল্লাহ খালেদ বলেন, ‘বিএনপি ৫১ শতাংশ ভোটের ম্যান্ডেট নিয়ে ৭১ শতাংশ জনগণের রায়কে উপেক্ষা করছে। কিন্তু আমরা বলতে চাই, যেই শহিদের মায়েরা এখনো বেঁচে আছে, সেই মায়েরা কিন্তু তাদের সন্তানদের কথা ভুলে যায়নি। যে আহতরা এখনো পঙ্গু অবস্থায় হাসপাতালে কাতরাচ্ছে, তারা কিন্তু সেই দিনের লোমহর্ষক ঘটনা ভুলে যায়নি। সুতরাং, বিএনপি যদি গণভোটের রায়কে উপেক্ষা করে ক্ষমতা পরিচালনা করতে চায়, তাহলে ৭০% জনগণকে সঙ্গে নিয়ে গণআন্দোলন গড়ে তোলা হবে। জুলাইয়ের আন্দোলন যেভাবে ক্যাম্পাস থেকে শুরু হয়েছিল, গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে নতুন আন্দোলনও ক্যাম্পাস থেকেই শুরু হবে।’
বিক্ষোভ সমাবেশে শাখা ছাত্রশিবিরের মানবসম্পদ ব্যবস্থাপনা ও সমাজসেবা সম্পাদক শরিফুল ইসলাম, অফিস ও পরিকল্পনা সম্পাদক রবিউল ইসলাম, আন্তর্জাতিক ও মানবাধিকার সম্পাদক সাঈদ বিন হাবিব, ছাত্র অধিকার সম্পাদক মোনায়েফ শরীফ ও প্রচার সম্পাদক মেহেদী হাসান সোহানসহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন।
সময়ের আলো/মহু