মুহাম্মদ মোস্তফা কামাল রাজের ‘এটা আমাদের গল্প’ ধারাবাহিকে ফুপু চরিত্রে অভিনয় করে তুমুল জনপ্রিয়তা পেয়েছেন দীপা খন্দকার। এবার একই পরিচালকের নতুন সিরিজ ‘ফিরে আসার গল্প’-এ দেখা যাবে অভিনেত্রীকে।
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে সিরিজটির ঘোষণা দেন নির্মাতা। ‘যেখানে সম্পর্কই বড় শক্তি’ এই স্লোগানকে সামনে রেখে নির্মিত হচ্ছে নতুন সিরিজটি। ঘোষণার অংশ হিসেবে প্রকাশ করা হয়েছে সিরিজটির প্রথম পোস্টার। সেখানে জানানো হয়েছে, ‘মরিয়ম’ চরিত্রে অভিনয় করবেন জনপ্রিয় অভিনেত্রী দীপা খন্দকার। পোস্টার প্রকাশের মধ্য দিয়ে সিরিজটিতে তার যুক্ত হওয়ার বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছেন নির্মাতা।
তবে সিরিজটির গল্প, অন্যান্য চরিত্র কিংবা অভিনয়শিল্পীদের নাম এখনই প্রকাশ করেননি মুহাম্মদ মোস্তফা কামাল রাজ। তিনি জানিয়েছেন, পর্যায়ক্রমে সিরিজটির বাকি চরিত্র ও শিল্পীদের পরিচয় তুলে ধরা হবে।
নির্মাতার ইঙ্গিত অনুযায়ী, ‘মরিয়ম’ চরিত্রকে ঘিরেই এগোবে গল্পের গুরুত্বপূর্ণ অংশ। পারিবারিক ও সামাজিক সম্পর্কের টানাপোড়েন এবং সম্পর্কের শক্তিকে কেন্দ্র করেই নির্মিত হবে সিরিজটি। প্রশ্ন উঠেছে, মরিয়ম কি শেষ পর্যন্ত সম্পর্কগুলো ধরে রাখতে পারবেন?
গ্লো অ্যান্ড লাভলি বাংলাদেশের উপস্থাপনায় নির্মিত হচ্ছে ‘ফিরে আসার গল্প’। তবে সিরিজটির গল্প, পূর্ণাঙ্গ অভিনয়শিল্পীর তালিকা এবং মুক্তির তারিখ এখনও প্রকাশ করা হয়নি।
ঘোষণার পর থেকেই দর্শকদের মধ্যে নতুন এই সিরিজ নিয়ে আগ্রহ তৈরি হয়েছে। বাড়তি আগ্রহ তৈরি হয়েছে দীপা খন্দকারকে ঘিরে।
নব্বই দশকের দীপা খন্দকার বিজ্ঞাপন দিয়ে ক্যারিয়ার শুরু করলেও প্রথম নাটকেই মনকাড়া অভিনয় দিয়ে দর্শকের মন জয় করে নেন। তবে বিগত কয়েক বছর ধরে তার কোনো কাজ তেমন আলোচনায় না এলেও ‘এটা আমাদেরই গল্প’ দিয়ে দর্শকের হৃদয়ে ফের জায়গা করে নেন এই অভিনেত্রী।
বর্তমানে ব্যস্ততা বাড়লেও টানা কয়েক বছর নাটকে অনিয়মিত ছিলেন দীপা খন্দকার। এই প্রসঙ্গে অভিনেত্রী বলেন, ‘যে ধরনের সংলাপে মানুষ অস্বস্তি বোধ করে, পরিবারের সঙ্গে বসে সংলাপের জন্য যে নাটকগুলো দেখা যায় না সেগুলো দেখতে দেখতে হাঁপিয়ে যাচ্ছিলাম। ওই ধরনের নাটক থেকে অনেক সময় প্রস্তাবও পেয়েছি কিন্তু আমার মনে হয়েছে এ ধরনের কাজ আমি করতে চাই না।’
সময়ের আলো/আরবিএন