মুম্বাইয়ে শিক্ষার্থীদের চলমান আন্দোলনের প্রতি সংহতি জানিয়ে আগামী রোববার যৌথ বিক্ষোভ মিছিলের ঘোষণা দিয়েছে মহারাষ্ট্রের দুই রাজনৈতিক দল, মহারাষ্ট্র নবনির্মাণ সেনা (এমএনএস) এবং শিবসেনা (ইউবিটি)। মিছিলকে কেন্দ্র করে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হলে কঠোরভাবে মোকাবিলা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন এমএনএস প্রধান রাজ ঠাকরে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) এক সংবাদ সম্মেলনে রাজ ঠাকরে বলেন, শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনে কেন্দ্রীয় সরকার দমন-পীড়নের পথ বেছে নিয়েছে। তাঁর অভিযোগ, বিজেপি বিরোধী দলে থাকাকালে বিভিন্ন ইস্যুতে নিয়মিত আন্দোলন করেছে এবং মন্ত্রীদের পদত্যাগের দাবিও তুলেছে। অথচ এখন একই ধরনের গণতান্ত্রিক আন্দোলনের ক্ষেত্রে সরকার কঠোর অবস্থান নিয়েছে।
তিনি আরও বলেন, রোববারের বিক্ষোভ সম্পূর্ণ শান্তিপূর্ণ হবে। তবে কেউ যদি ইচ্ছাকৃতভাবে মিছিলে বিশৃঙ্খলা সৃষ্টি বা বাধা দেওয়ার চেষ্টা করে, তাহলে তার বিরুদ্ধে কঠোর জবাব দেওয়া হবে।
গত কয়েকদিন ধরে দিল্লির যন্তর-মন্তরে চলমান আন্দোলনের সমর্থনে মুম্বাইয়েও বিক্ষোভ কর্মসূচি পালিত হচ্ছে। এসব কর্মসূচি থেকে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিও জানানো হয়েছে।
এদিকে, এমএনএসের পাশাপাশি উদ্ধব ঠাকরের নেতৃত্বাধীন শিবসেনা (ইউবিটি)ও অভিজিত দীপকের সিজেপির প্রতি সমর্থন জানিয়েছে। সম্প্রতি দিল্লি সফরের সময় উদ্ধব ঠাকরে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাদের দাবির প্রতি সংহতি প্রকাশ করেন।
ঠাকরে ভ্রাতৃদ্বয়ের পাশাপাশি এনসিপি (শরদ পাওয়ার) শিবিরসহ আরও কয়েকজন বিরোধী নেতা শিক্ষার্থীদের এই আন্দোলনের প্রতি প্রকাশ্যে সমর্থন জানিয়েছেন।
সময়ের আলো/এসএকে