রফতানি বাড়াতে নতুন নীতি : সস্তায় ইডিএফের ঋণ পাবে আরও ৩ খাত

নিজস্ব প্রতিবেদক

অর্থনীতি

দেশের রফতানি খাতকে আরও গতিশীল করতে ‘রপ্তানি উন্নয়ন তহবিল’ (ইডিএফ) থেকে কম সুদে ঋণ পাওয়ার সুবিধা আরও তিন খাতের উদ্যোক্তাদের

2026-07-23T21:19:30+00:00
2026-07-23T21:19:30+00:00
 
  বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬,
৮ শ্রাবণ ১৪৩৩
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
অর্থনীতি
রফতানি বাড়াতে নতুন নীতি : সস্তায় ইডিএফের ঋণ পাবে আরও ৩ খাত
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ৯:১৯ পিএম 
বাইসাইকেল ম্যানুফ্যাকচারিং খাতে কাজ করছে বহু শ্রমিক। সংগৃহীত ছবি
দেশের রফতানি খাতকে আরও গতিশীল করতে ‘রপ্তানি উন্নয়ন তহবিল’ (ইডিএফ) থেকে কম সুদে ঋণ পাওয়ার সুবিধা আরও তিন খাতের উদ্যোক্তাদের জন্য সম্প্রসারিত করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে বাইসাইকেল, ফার্নিচার এবং হিমায়িত খাদ্য রফতানিকারকরাও এই বিশেষ তহবিল থেকে ঋণ সুবিধা গ্রহণ করতে পারবেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ ব্যাংকের জারি করা এক হালনাগাদ সার্কুলারে সব ব্যাংকের প্রধান নির্বাহীদের এই নির্দেশনার কথা জানানো হয়।

এতদিন পর্যন্ত মূলত দেশের শীর্ষ রফতানি খাত তৈরি পোশাকের দুই বৃহৎ সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএর সদস্য এবং চামড়া খাতের উদ্যোক্তারা এই সুবিধার আওতায় ছিলেন। 

কেন্দ্রীয় ব্যাংকের বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইডিএফসংক্রান্ত সর্বশেষ ‘মাস্টার সার্কুলার’ প্রকাশিত হয়েছিল ২০১৭ সালে। পরবর্তীতে সময় সময়ে দেওয়া বিভিন্ন নির্দেশনা একত্রিত করে এই নতুন মাস্টার সার্কুলারটি জারি করা হয়েছে। এর মাধ্যমে রফতানিমুখী শিল্পের কাঁচামাল ও প্রয়োজনীয় উপকরণ আমদানির উদ্দেশ্যে বিদেশি মুদ্রার পুনঃঅর্থায়ন সংক্রান্ত পরিচালনা নির্দেশিকা হালনাগাদ করা হলো।

বর্তমান নীতিমালা অনুযায়ী, বৈদেশিক মুদ্রা লেনদেনের জন্য অনুমোদিত (এডি) ব্যাংকগুলো ইডিএফ থেকে ঋণ নেওয়ার ক্ষেত্রে সিকিউরড ওভারনাইট ফাইন্যান্সিং রেটের (এসওএফআর) ৬ মাসের বেঞ্চমার্কের সাথে অতিরিক্ত ০.৫০ শতাংশ যোগ করে পুনঃঅর্থায়ন পায়। পরবর্তীতে ব্যাংকগুলো গ্রাহক বা রফতানিকারকদের কাছ থেকে এই ৬ মাসের বেঞ্চমার্কের সাথে সর্বোচ্চ ১.৫০ শতাংশ পর্যন্ত সুদ যোগ করে ঋণ বিতরণ করতে পারে।

সাধারণত ইডিএফ থেকে নেওয়া এই ঋণ ১৮০ দিনের মধ্যে পরিশোধের নিয়ম রয়েছে। তবে কোভিড মহামারীর পর থেকে বিশেষ পরিস্থিতিতে কেন্দ্রীয় ব্যাংকের অনুমোদন সাপেক্ষে এই মেয়াদ সর্বোচ্চ ২৭০ দিন পর্যন্ত বাড়ানোর সুযোগ রয়েছে। তবে নির্ধারিত সময়ের মধ্যে যারা রফতানি আয় দেশে ফিরিয়ে আনবেন না কিংবা ব্যাংকের মাধ্যমে দায় শোধ করবেন না, পরবর্তীতে তারা এই তহবিলের সুবিধা পাওয়ার যোগ্যতা হারাবেন।


নতুন জারি করা সার্কুলারে ঋণ নেওয়ার সর্বোচ্চ সীমাও নির্ধারণ করে দেওয়া হয়েছে। এতে বলা হয়, বাংলাদেশ বাইসাইকেল অ্যান্ড পার্টস ম্যানুফ্যাকচারিং অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিবিপিএমইএ) এবং বাংলাদেশ ফার্নিচার এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএফইএ) নিবন্ধিত সদস্য রফতানিকারক প্রতিষ্ঠানগুলো সর্বোচ্চ ১ কোটি (১০ মিলিয়ন) ডলার পর্যন্ত ঋণ সুবিধা পাবে। অন্যদিকে, বাংলাদেশ ফ্রোজেন ফুডস এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের (বিএফএফইএ) সদস্যরা সর্বোচ্চ ৫০ লাখ (৫ মিলিয়ন) ডলার ঋণ নিতে পারবে।

উল্লেখ্য, বিদ্যমান সুবিধায় তৈরি পোশাক খাতের সংগঠন বিজিএমইএর সদস্যরা সর্বোচ্চ ২ কোটি ডলার, নিটওয়্যার খাতের বিকেএমইএর সদস্যরা দেড় কোটি ডলার এবং লেদারগুডস অ্যান্ড ফুটওয়্যার খাতের (এফএলএএক্সএ) সদস্য প্রতিষ্ঠানগুলো দেড় লাখ ডলার পর্যন্ত ঋণ নেওয়ার সুযোগ পেয়ে আসছে।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   রফতানি  বাড়াতে  নতুন নীতি  সস্তা  ইডিএফ  ঋণ  ৩ খাত 


Loading...
Loading...
অর্থনীতি- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: