সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ফরিদপুরের একই পরিবারের ৩ জন নিহত

নিজস্ব সংবাদদাতা

প্রবাস

সৌদি আরবে ওমরাহ পালনের উদ্দেশ্যে মক্কায় যাওয়ার পথে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই প্রবাসী বাংলাদেশি পরিবারের তিন সদস্য প্রাণ হারিয়েছেন।

2026-07-23T23:13:19+00:00
2026-07-23T23:13:19+00:00
 
  শুক্রবার, ২৪ জুলাই ২০২৬,
৯ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
প্রবাস
সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ফরিদপুরের একই পরিবারের ৩ জন নিহত
নিজস্ব সংবাদদাতা
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ জুলাই, ২০২৬, ১১:১৩ পিএম 
নিহত মা, ছেলে ও মেয়ে। সংগৃহীত ছবি
সৌদি আরবে ওমরাহ পালনের উদ্দেশ্যে মক্কায় যাওয়ার পথে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনায় একই প্রবাসী বাংলাদেশি পরিবারের তিন সদস্য প্রাণ হারিয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন দুজন। 

বৃহস্পতিবার (২৩ জুলাই) বাংলাদেশ সময় দুপুর ৩টার দিকে এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।

জানা যায়, রিয়াদ প্রবাসী শফিকুল ইসলাম খোকন স্ত্রী ও তিন সন্তানকে নিয়ে প্রাইভেট কারে ওমরাহ করার জন্য মক্কার দিকে যাচ্ছিলেন। পথে মক্কার নিকটবর্তী খাসরা এলাকার রুয়াইদাতে পৌঁছালে তাদের বহনকারী গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। 

নিহত তিন সদস্য হলেন, তানিয়া তাহমিনা রিনা (৪৫), তার ছোট ছেলে জার্জিস ইসলাম (২০) এবং একমাত্র মেয়ে সাদাফ শফিক (১৭)। নিহত দুই ভাই-বোন জার্জিস ও সাদাফ রিয়াদের বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের (ইংরেজি মাধ্যম) শিক্ষার্থী ছিলেন। দুর্ঘটনায় অলৌকিকভাবে বেঁচে গেলেও গুরুতর আহত হয়েছেন তানিয়ার স্বামী শফিকুল ইসলাম খোকন ও তাদের বড় ছেলে নাবিল।

নিহত তানিয়া তাহমিনা রিনা ফরিদপুরের সালথা উপজেলার আটঘর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম নাজিমুদ্দিন মোল্লার সেজো মেয়ে। তার স্বামী শফিকুল ইসলামের বাড়ি কিশোরগঞ্জের ভৈরব উপজেলায়।


ঘটনার বিবরণ দিয়ে নিহত তানিয়ার ভাই তৌহিদ মুরাদ জানান, ওমরাহ পালনের উদ্দেশ্যে রিয়াদ থেকে রওনা হয়ে প্রায় ৩০০ কিলোমিটার যাওয়ার পর একটি দ্রুতগতির বড় গাড়ি তাঁদের প্রাইভেট কারটিকে পেছন থেকে সজোরে ধাক্কা দেয়। এতে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলেই তাঁর বোন, ছোট ভাগ্নে ও ভাগ্নি মারা যান। তিনি এই কঠিন মুহূর্তে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বাংলাদেশ সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন।

বর্তমানে নিহতদের মরদেহ খাসরা মেডিকেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাস থেকে জানানো হয়েছে, ক্ষতিগ্রস্ত পরিবারটিকে সব ধরনের আইনি ও প্রয়োজনীয় সহায়তা প্রদান করা হবে।

সময়ের আলো/জেডি 


  বিষয়:   সৌদি আরব  সড়ক দুর্ঘটনা  ফরিদপুর  ৩ জন  নিহত 


Loading...
Loading...
প্রবাস- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: