রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনকে দ্রুত গ্রেফতারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবিতে) অনশন কর্মসূচি পালন করেছে ‘মঞ্চ-২৪’ নামে একটি সংগঠন।
বৃহস্পতিবার (২৩ জুলাই) বিকেল পাঁচটার দিকে রাজু ভাস্কর্যের পাদদেশে অনশন কর্মসূচি পালন করেন সংগঠনটির নেতাকর্মীরা। এসময় সংগঠনটির নেতাকর্মীদের হাতে ‘ইনকিলাব জিন্দাবাদ, মোদিবাদ মুর্দাবাদ’ , ‘ভারতীয় জনগণের সাথে একাত্মতা জানাচ্ছে মঞ্চ ২৪’ ইত্যাদি প্ল্যাকার্ড হাতে দেখা যায়।
অনশনে মঞ্চ-২৪-এর আহ্বায়ক ফাহিম ফারুকী বলেন, ‘সাহাবুদ্দিন দেশবিরোধী ষড়যন্ত্রে লিপ্ত ছিলেন। তিনি আওয়ামী লীগের এক্সটেনশন হিসেবে কাজ করেছেন। আজ এটি প্রমাণিত হয়েছে যে, তিনি শেখ হাসিনার সঙ্গে পরামর্শ করে দেশবিরোধী ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছেন।’
তিনি আরও বলেন, ‘তাই তাকে রাষ্ট্রপতির পদ থেকে অপসারণ করে দ্রুততম সময়ের মধ্যে গ্রেফতার করতে হবে। জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধগুলোর প্রতিটির পৃষ্ঠপোষকতা তিনি করেছেন। তাই আজ রাতের মধ্যেই তাকে গ্রেফতার করতে হবে।’
উল্লেখ্য, মো. সাহাবুদ্দিন ২০২৩ সালের ২৪ এপ্রিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। আওয়ামী লীগের মনোনয়নে তিনি বিনা প্রতিদ্বন্দ্বিতায় রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন। তার পাঁচ বছরের মেয়াদ শেষ হওয়ার কথা ২০২৮ সালের এপ্রিলে। তবে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শিগগিরই পদত্যাগ করতে পারেন বলে জানা যায়।
সময়ের আলো/জেডআই