জাপানের আইচি প্রদেশের নাগোয়া শহরে আগামী ১৯ সেপ্টেম্বর শুরু হচ্ছে এশিয়ান গেমসের ২০তম আসর। এবারের আসরে দ্বিতীয়বারের মতো অংশগ্রহণ করতে যাচ্ছে বাংলাদেশ নারী ফুটবল দল। টুর্নামেন্টের ড্রয়ে বাংলাদেশের জন্য অপেক্ষা করছে কঠিন পরীক্ষা। ‘বি’ গ্রুপে ঋতুপর্ণা চাকমা ও মোসাম্মত সাগরিকাদের প্রতিপক্ষ হয়েছে দক্ষিণ কোরিয়া, উত্তর কোরিয়া এবং মিয়ানমার।
এশিয়ান গেমসে বাংলাদেশের মেয়েদের যাত্রা শুরু হয়েছিল ২০২২ সালের হাংজু আসরে। প্রথম অংশগ্রহণে গ্রুপপর্বের তিন ম্যাচে একটি ড্র ও দুটি হারে বিদায় নিতে হয়েছিল লাল-সবুজের প্রতিনিধিদের। এবার সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে আরও ভালো কিছু করার লক্ষ্য নিয়ে মাঠে নামবে দল। তবে গ্রুপপর্বের লড়াই সহজ হবে না।
উত্তর কোরিয়া নারী ফুটবলে এশিয়ার অন্যতম সেরা শক্তি। এশিয়ান গেমসে তারা তিনবার স্বর্ণপদক জয়ের গৌরব অর্জন করেছে। অন্যদিকে দক্ষিণ কোরিয়াও আন্তর্জাতিক অঙ্গনে নিয়মিত শক্তিশালী পারফরম্যান্স দেখিয়ে আসছে। এশিয়ান গেমসে তাদের অর্জনের ঝুলিতে রয়েছে তিনটি ব্রোঞ্জপদক।
বাংলাদেশের আরেক প্রতিপক্ষ মিয়ানমারও অতীতে মাত্র একবার এশিয়ান গেমসে খেলেছে। সেবার গ্রুপপর্ব থেকেই বিদায় নিতে হয়েছিল দলটিকে। তাই এই ম্যাচটি দুই দলের জন্যই গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।
এবার নারী ফুটবল ইভেন্টে অংশ নিচ্ছে মোট ১২টি দল, যাদের তিনটি গ্রুপে ভাগ করা হয়েছে।
‘এ’ গ্রুপে রয়েছে স্বাগতিক জাপান, চাইনিজ তাইপে, ভিয়েতনাম ও থাইল্যান্ড। আর ‘সি’ গ্রুপে জায়গা পেয়েছে চীন, ফিলিপাইন, উজবেকিস্তান ও হংকং। সব মিলিয়ে এবারের নারী ফুটবল আসরে প্রতিটি গ্রুপেই জমজমাট প্রতিদ্বন্দ্বিতার প্রত্যাশা করা হচ্ছে।অন্যদিকে এশিয়ান গেমস হকির ১২ দলকে দুই গ্রুপে বিভক্ত করা হয়েছে।
গ্রুপ ‘এ’ বাংলাদেশ, ভারত, জাপান, দক্ষিণ কোরিয়া, শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়া। গ্রুপ ‘বি’ পাকিস্তান, মালয়েশিয়া, চীন, ওমান, উজবেকিস্তান ও থাইল্যান্ড।
সময়ের আলো/আআ