এই মৌসুম হয়তো হতে যাচ্ছে বার্সেলোনার! হান্সি ফ্লিকের অধীনে যেন নিজেদের খুঁজে পেয়েছে তারা। গত দুই মৌসুমে রিয়াল মাদ্রিদকে ধরাশায়ী করে স্পেনে রাজত্ব করেছিল। নতুন মৌসুমে যেভাবে শুরু করেছে, তাতে তো স্বপ্ন দেখতেই পারে—এবার হয়তো রাজত্ব ফিরবে ইউরোপেও!
হান্সি ফ্লিক সবসময়ই বেশি গোল করতে পছন্দ করেন। কিন্তু তাই বলে কি নিয়মিত ৫টি করে গোল! ভ্যালেন্সিয়ার বিপক্ষে এস্তাদিও মেস্তায়ায় খেলা বরাবরই কঠিন বার্সেলোনার জন্য। অথচ সেখানেও এবার ৫ গোল করে এসেছে কাতালান ক্লাবটি!
লা লিগায় এখন পর্যন্ত ৪ ম্যাচের ৪টিতেই শুধু জয় তুলে নেয়নি, প্রতিপক্ষের ওপর তাণ্ডবও চালিয়েছে বার্সেলোনা। ৩ বারই প্রতিপক্ষের জালে ৫টি গোল জড়িয়েছে ফ্লিকের দল! সব মিলিয়ে গোল করেছে ১৭টি।
বোঝাই যাচ্ছে, এই মৌসুমে গোলের দিকেই নজর থাকবে তাদের। মজার ব্যাপার হচ্ছে, যে দলটি প্রতি ম্যাচেই গোল উৎসব চালিয়ে যাচ্ছে, সেই দলে নেই কোনো নম্বর নাইন! স্বীকৃত গোলস্কোরার ছাড়াই এমন তাণ্ডবের পর হয়তো এবার নজর ইউরোপে সাফল্যের দিকে!
গত দুই মৌসুমে দুটি লা লিগাসহ মোট ৫টি শিরোপা জয় করেছে কাতালান ক্লাবটি। চ্যাম্পিয়নস লিগে একবার সেমিফাইনাল ও একবার কোয়ার্টার ফাইনালে হেরেই বিদায় নেয় তারা। ২০১৫ সালে শেষবার চ্যাম্পিয়নস লিগের শিরোপা ঘরে তুলেছিল ক্লাবটি। দীর্ঘ ১১ বছর পর এবার কি পারবে ট্রফিটি ঘরে ফিরিয়ে আনতে?
সময়ের আলো/জেডআই