দেশের ফুটবলের উন্মাদনা বাড়িয়ে দিয়েছিল নতুন জার্সি। বিশ্বজয়ের স্বপ্ন বোনা ফুটবলাররা নতুন ডিজাইনের জার্সি গায়ে চাপিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের প্রতিনিধিত্ব করেছেন। এবার সময় এসেছে আরেকটি নতুন জার্সি গায়ে চাপানোর।
বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ও অফিসিয়াল কিট স্পন্সর ‘দৌড়’ বাংলাদেশ ফুটবল দলের নতুন হোম জার্সি উন্মোচনা করবে।
জাতীয় ক্রীড়া পরিষদের অডিটোরিয়ামে মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১১টায় জার্সি উন্মোচন করা হবে বলে আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে বাফুফে। আসন্ন আসিয়ান কাপ ও সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে উন্মোচন করা হবে জার্সি।
২০২৫ সালে হামজা চৌধুরীর আগমনে দেশের ফুটবলে নব জোয়ার আসে। বাফুফের সঙ্গে যুক্ত হয় দৌড়। এশিয়ান কাপের বাছাইপর্বকে সামনে রেখে প্রথমে লাল রঙের অ্যাওয়ে এবং পরে সাদা রঙের হোম জার্সি তৈরি করে প্রতিষ্ঠানটি। পুরুষ জাতীয় দলের বাইরে নারী দলসহ বয়সভিত্তিক দলগুলোও প্রায় একই জার্সি পরে নিয়মিত খেলেন।
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশগুলোকে নিয়ে প্রথমবারের মতো ফিফা আয়োজন করছে ‘আসিয়ান কাপ।’ টুর্নামেন্ট থেকে ভারত নাম প্রত্যাহার করার পর বাংলাদেশকে আমন্ত্রণ জানায় ফিফা। বাফুফে সেটি গ্রহণ করে। আগামী ২৪ সেপ্টেম্বর থেকে ৪ অক্টোবর পর্যন্ত চলবে টুর্নামেন্ট। নভেম্বরে ঘরের মাঠে সাফ চ্যাম্পিয়নশিপে মাঠে নামবেন হামজা-জামালরা।
সময়ের আলো/জেএফ/কেএইচও