২০২৬ বিশ্বকাপে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়ে ১০ গোল করে গোল্ডেন বুট জিতেছেন ফ্রান্সের অধিনায়ক কিলিয়ান এমবাপ্পে। এর আগে ২০২৫-২৬ মৌসুমে রিয়াল মাদ্রিদের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪২ গোল করার পাশাপাশি ২৫ গোল নিয়ে লা লিগার সর্বোচ্চ গোলদাতাও হন তিনি। এমন ব্যক্তিগত নৈপুণ্যের পর স্বাভাবিকভাবেই ব্যালন ডি’অরের আলোচনায় রয়েছেন এই ফরাসি ফরোয়ার্ড।
তবে এমবাপ্পেকে ঘিরে বড় প্রশ্নও রয়েছে। ব্যক্তিগত পারফরম্যান্স অসাধারণ হলেও দলীয় সাফল্যের খাতায় শূন্য তাঁর নাম। ফ্রান্স বিশ্বকাপ জিততে পারেনি, আর রিয়াল মাদ্রিদও মৌসুম শেষ করেছে কোনো ট্রফি ছাড়াই। লা লিগা, চ্যাম্পিয়ন্স লিগ, কোপা দেল রে ও স্প্যানিশ সুপার কাপ—চারটি প্রতিযোগিতার একটিতেও শিরোপা জিততে পারেনি স্প্যানিশ জায়ান্টরা।
তাই প্রশ্ন উঠেছে, দলীয় কোনো শিরোপা ছাড়াই কি বিশ্বের সেরা ফুটবলারের স্বীকৃতি পাওয়া সম্ভব?
ইতিহাস বলছে, এমন নজির খুব বেশি না থাকলেও রয়েছে। ফরাসি ক্রীড়া দৈনিক *লেকিপ*-এর তথ্য অনুযায়ী, ক্লাব কিংবা জাতীয় দল—কোথাও শিরোপা না জিতেও অতীতে একাধিক ফুটবলার ব্যালন ডি’অর জিতেছেন।
১৯৫৬ সালে প্রথম ব্যালন ডি’অরজয়ী স্ট্যানলি ম্যাথিউস ব্ল্যাকপুলের হয়ে কোনো ট্রফি ছাড়াই এই সম্মান অর্জন করেন। এরপর ১৯৬৪ সালে ম্যানচেস্টার ইউনাইটেড ও স্কটল্যান্ডের কিংবদন্তি ডেনিস ল এবং ১৯৭৮ সালে হামবুর্গ ও ইংল্যান্ডের কেভিন কিগানও ট্রফিশূন্য মৌসুম শেষে ব্যালন ডি’অর জেতেন।
শুধু অতীতেই নয়, আধুনিক ফুটবলেও এমন উদাহরণ রয়েছে। ২০০০ সালে লুইস ফিগো এবং ২০১৩ সালে ক্রিস্টিয়ানো রোনালদো—দুজনই ক্লাব বা জাতীয় দলের হয়ে বড় কোনো শিরোপা ছাড়াই ব্যালন ডি’অরের মালিক হন। রোনালদোর ক্ষেত্রে সেটি ছিল তাঁর দ্বিতীয় ব্যালন ডি’অর।
তবে এমবাপ্পের বর্তমান পরিস্থিতির সঙ্গে সবচেয়ে বেশি মিল পাওয়া যায় জার্মান কিংবদন্তি গার্ড মুলারের। ১৯৭০ সালে বায়ার্ন মিউনিখ কিংবা পশ্চিম জার্মানির হয়ে কোনো শিরোপা জিততে না পারলেও ইউরোপের সর্বোচ্চ গোলদাতা হওয়ার পাশাপাশি বিশ্বকাপে ১০ গোল করে গোল্ডেন বুট জিতেছিলেন তিনি। ফাইনালে খেলতে না পারলেও বছরের সেরা ফুটবলারের পুরস্কার উঠেছিল তাঁর হাতেই।
এবার এমবাপ্পের অর্জনও অনেকটা সেই পথেই এগোচ্ছে। বিশ্বকাপে ১০ গোল, গোল্ডেন বুট এবং পুরো মৌসুমে রিয়ালের জার্সিতে ৪২ গোল—ব্যক্তিগত পারফরম্যান্সের বিচারে তিনি নিঃসন্দেহে ব্যালন ডি’অরের শীর্ষ দাবিদারদের একজন।
এদিকে ফরাসি সংবাদমাধ্যম লেকিপ-এর অনলাইন পাঠক জরিপেও ব্যালন ডি’অর দৌড়ে এগিয়ে রয়েছেন এমবাপ্পে। তবে শেষ পর্যন্ত ভোটাররা কাকে সেরা হিসেবে বেছে নেন, তার উত্তর মিলবে আগামী ২৬ অক্টোবর। সেদিনই ঘোষণা করা হবে ৭০তম ব্যালন ডি’অর বিজয়ীর নাম।
সময়ের আলো/এসএকে