আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন আর্জেন্টাইন তারকা

ক্রীড়া ডেস্ক

খেলা

আর্জেন্টিনার জার্সিতে দীর্ঘ ১৭ বছরের গৌরবময় আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওটামেন্ডি। আগেই ঘোষণা দিয়েছিলেন, ২০২৬ বিশ্বকাপই হবে

2026-07-24T12:27:06+00:00
2026-07-24T12:27:06+00:00
 
  শুক্রবার, ২৪ জুলাই ২০২৬,
৯ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
খেলা
আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন আর্জেন্টাইন তারকা
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ১২:২৭ পিএম 
নিকোলাস ওটামেন্ডি। ছবি : সংগৃহীত
আর্জেন্টিনার জার্সিতে দীর্ঘ ১৭ বছরের গৌরবময় আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন অভিজ্ঞ ডিফেন্ডার নিকোলাস ওটামেন্ডি। আগেই ঘোষণা দিয়েছিলেন, ২০২৬ বিশ্বকাপই হবে জাতীয় দলের হয়ে তার শেষ টুর্নামেন্ট। সেই প্রতিশ্রুতি রেখেই এবার আনুষ্ঠানিকভাবে আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানালেন ৩৮ বছর বয়সী এই সেন্টারব্যাক।

জাতীয় দলের হয়ে ১৩৯টি ম্যাচ খেলেছেন ওটামেন্ডি। তার শেষ ম্যাচ ছিল সদ্য শেষ হওয়া বিশ্বকাপের ফাইনাল, যেখানে স্পেনের কাছে ১-০ গোলে হেরে রানার্সআপ হয় আর্জেন্টিনা। শিরোপা ধরে রাখার স্বপ্ন পূরণ না হলেও গর্ব নিয়েই জাতীয় দলের জার্সি খুলে রাখলেন ২০২২ কাতার বিশ্বকাপজয়ী এই ডিফেন্ডার।

বিদায়ের ঘোষণা দিয়ে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে আবেগঘন এক বার্তা দিয়েছেন ওটামেন্ডি। তিনি লিখেছেন, ‘আজ আমার ক্যারিয়ারের সবচেয়ে কঠিন কথাগুলো লিখতে হচ্ছে। ভাগ্যের পরিহাস, আমার শেষ ম্যাচ ছিল বিশ্বকাপের ফাইনাল। কাঙ্ক্ষিত ফল না পেলেও মাথা উঁচু করেই বিদায় নিচ্ছি। এই দল শেষ সেকেন্ড পর্যন্ত নিজেদের সবটুকু উজাড় করে দিয়েছে।’

বিশ্বকাপজয়ী দলের সদস্য হতে পারাকে জীবনের অন্যতম বড় প্রাপ্তি উল্লেখ করে তিনি বলেন, ‘ধন্যবাদ, আর্জেন্টিনা। বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন পূরণে আমাকে সুযোগ দেওয়ার জন্য আমি আজীবন কৃতজ্ঞ।’

জাতীয় দলকে বিদায় জানালেও ক্লাব ফুটবল চালিয়ে যাচ্ছেন ওটামেন্ডি। সম্প্রতি তিনি আর্জেন্টাইন ক্লাব রিভার প্লেটে যোগ দিয়েছেন। এর আগে ইউরোপের পোর্তো, ভ্যালেন্সিয়া, ম্যানচেস্টার সিটি ও বেনফিকার হয়ে প্রায় ১৬ বছর খেলেছেন এই অভিজ্ঞ ডিফেন্ডার।


বিদায়ী বার্তায় সতীর্থ ও ভবিষ্যৎ প্রজন্মের ফুটবলারদের উদ্দেশেও অনুপ্রেরণার কথা বলেন তিনি। ওটামেন্ডির ভাষায়, ‘আমি হৃদয়ে প্রশান্তি নিয়ে বিদায় বলছি। এই জার্সির জন্য নিজের সর্বস্ব দিয়েছি, কখনো বিশ্বাস হারাইনি। তোমরাও কখনো বিশ্বাস হারাবে না। এই জার্সি তাদেরই পুরস্কৃত করে, যারা বিনয়, ত্যাগ ও ভালোবাসা দিয়ে এর মর্যাদা রক্ষা করে।’

তিনি আরও যোগ করেন, ‘মাথা উঁচু রাখো, লড়াই চালিয়ে যাও। কোনো পরাজয় যেন তোমাদের স্বপ্ন কেড়ে নিতে না পারে। আমি বিশ্বাস করি, আর্জেন্টিনা ফুটবলের পরবর্তী গৌরবময় অধ্যায় লিখবে তোমরাই।’

বিশ্বকাপ ও দুটি কোপা আমেরিকার শিরোপাজয়ী ওটামেন্ডির বিদায়ের মধ্য দিয়ে আর্জেন্টিনা জাতীয় দলের একটি সফল ও স্মরণীয় অধ্যায়ের সমাপ্তি ঘটল। তার দৃঢ়তা, নেতৃত্ব ও আত্মনিবেদন দীর্ঘদিন মনে রাখবে আর্জেন্টাইন ফুটবল।

সময়ের আলো/এসএকে


  বিষয়:   আন্তর্জাতিক ফুটবল  বিদায় জানালেন  আর্জেন্টাইন তারকা  সময়ের আলো 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: