নবীজির স্মৃতিবিজড়িত ৫ মসজিদ

আবিদ রাইহান

ইসলাম

মক্কায় পবিত্র ঘর বায়তুল্লাহর স্নিগ্ধ প্রাঙ্গণে কাটানো প্রতিটি মুহূর্ত মুমিন হৃদয়ের জন্য অতুলনীয় প্রশান্তির উৎস। কাবা শরিফের প্রথম দর্শনে চোখজুড়ানো

2026-07-24T14:19:38+00:00
2026-07-24T14:19:38+00:00
 
  শুক্রবার, ২৪ জুলাই ২০২৬,
৯ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
ইসলাম
নবীজির স্মৃতিবিজড়িত ৫ মসজিদ
আবিদ রাইহান
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ২:১৯ পিএম 
গ্রাফিক : সময়ের আলো
মক্কায় পবিত্র ঘর বায়তুল্লাহর স্নিগ্ধ প্রাঙ্গণে কাটানো প্রতিটি মুহূর্ত মুমিন হৃদয়ের জন্য অতুলনীয় প্রশান্তির উৎস। কাবা শরিফের প্রথম দর্শনে চোখজুড়ানো থেকে শুরু করে এই পবিত্র আঙিনায় এক ওয়াক্ত নামাজ আদায়ের ফজিলত ও পুণ্য অত্যন্ত মহিমান্বিত। তবে মক্কার আধ্যাত্মিক আবহ কেবল মসজিদুল হারামের সীমানার মধ্যেই সীমাবদ্ধ নয়; এই পবিত্র নগরীর অলিতে-গলিতে ও পাহাড়ের উপত্যকায় এমন আরও বেশ কিছু ঐতিহাসিক মসজিদ ছড়িয়ে রয়েছে, যেগুলোর প্রতিটি কোনায় এবং ইটের গাঁথুনিতে সিক্ত হয়ে আছে বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.)-এর পবিত্র স্মৃতি। মক্কার বুকে মাথা উঁচু করে দাঁড়িয়ে থাকা এমনই কয়েকটি গুরুত্বপূর্ণ ও ঐতিহাসিক মসজিদের পরিচিতি তুলে ধরা হলো :

মসজিদ আর-রায়াহ
জান্নাতুল মুআল্লাহর দিকে যাওয়ার পথে অবস্থিত আর-রায়াহ মসজিদ। মসজিদটি আল-হুজুন এলাকায় অবস্থিত, যা মসজিদুল হারাম থেকে প্রায় ১ কিলোমিটার দূরে আল-মসজিদ আল-হারাম সড়কের পাশে অবস্থিত। আর-রায়াহ শব্দের ইংরেজি অর্থ ফ্ল্যাগ বা পতাকা। ইমাম বুখারি (রহ.)-এর বর্ণনামতে, মক্কা বিজয়ের সময় আমাদের প্রিয়নবী মুহাম্মদ (সা.) আল-হুজুনের এই নির্দিষ্ট স্থানে একটি পতাকা স্থাপন করেছিলেন। এই ঘটনার পর মহানবী (সা.)-এর ঐতিহাসিক স্মারক হিসেবে সাহাবি আবদুল্লাহ ইবনে আব্বাস (রা.) সেখানে একটি মসজিদ নির্মাণ করেন। দক্ষিণ-পূর্ব এশিয়ার হজ-ওমরাহ যাত্রীদের কাছে এই মসজিদ ক্যাট মসজিদ নামেও পরিচিত। যদিও আজ পর্যন্ত এই নামের পক্ষে কোনো সুনির্দিষ্ট তথ্য বা যৌক্তিকতা খুঁজে পাওয়া যায়নি।

মসজিদ আল-জিন
আর-রায়াহ মসজিদ পার হওয়ার পর মাত্র ৩০০ মিটার দূরে যে মসজিদ চোখে পড়বে, তা হলো আল-জিন মসজিদ। এই মসজিদটি আল-হারাস মসজিদ নামেও পরিচিত, তবে প্রথম নামটিই বেশি পরিচিত ও সর্বজন গৃহীত। জিনদের একটি দলের কাছে মহানবী (সা.)-এর দাওয়াতি কাজের স্মারক হিসেবে এই মসজিদ নির্মিত হয়েছিল। রাসুল (সা.) সাহাবি আবদুল্লাহ বিন মাসউদ (রা.)-কে নিয়ে আল-হুজুনের এই নির্দিষ্ট স্থানে গিয়েছিলেন। সেখানে পৌঁছে তিনি পবিত্র কুরআনের আয়াত তেলাওয়াত করেন এবং জিনদের জন্য খাবার হিসেবে হাড় নিয়ে যান। নাম শুনে যেমনটি মনে হতে পারে, এই মসজিদে গিয়ে কিন্তু তেমন কোনো অলৌকিক বা ভূতুড়ে অভিজ্ঞতার মুখোমুখি হবেন না। তাই আল-জিন মসজিদে গিয়ে কোনো ভৌতিক বা ভিন্ন জগতের অভিজ্ঞতার আশা থাকলে তা মাথা থেকে ঝেড়ে ফেলাই ভালো।


আশ-শাজারাহ মসজিদ
আল-জিন মসজিদের ঠিক বিপরীতেই খুঁজে পাবেন আশ-শাজারাহ মসজিদ। বিশ্বনবী (সা.)-এর এক মহান অলৌকিক ঘটনার স্মরণে এই মসজিদ নির্মিত হয়েছিল। ওমর আল-খাত্তাব (রা.) উল্লেখ করেছেন, একদিন মহানবী (সা.) আল-হুজুনে ইসলাম প্রচার করছিলেন, তখন অমুসলিমরা তাঁকে প্রত্যাখ্যান করে। এরপর মহানবী (সা.) দোয়া করেন, হে আল্লাহ, আমাকে এখন আপনার মহান ক্ষমতার একটি নিদর্শন দেখান, যাতে অবিশ্বাসীদের প্রত্যাখ্যান নিয়ে আমি আর পরোয়া না করি। তখন মহানবী (সা.)-কে কাছের একটি গাছকে তাঁর দিকে সরে আসার সংকেত দিতে বলা হয়। আল্লাহর ইচ্ছায় গাছটি মহানবী (সা.)-এর কাছে আসে এবং তাঁকে সালাম জানায়। এরপর রাসুলুল্লাহ (সা.) গাছটিকে তার আগের স্থানে ফিরে যেতে বলেন। অতীতে যেখানে একটি ছোট স্মারক গম্বুজ ছিল, সেখানে এখন একটি পূর্ণাঙ্গ মসজিদ দাঁড়িয়ে রয়েছে।

হুদাইবিয়া মসজিদ 
এরপরের মসজিদটি মূলত ওমরাহ পালনের নিয়ত বা ইহরাম বাঁধার জন্য হাজিদের নির্ধারিত স্থান বা মিকাত হিসেবে পরিচিত। মসজিদটি হলো হুদাইবিয়া মসজিদ, যা বায়াত আর-রিদওয়ান মসজিদ নামেও পরিচিত। এই মসজিদটি শুমাইসি এলাকায় অবস্থিত, যা মসজিদুল হারাম থেকে প্রায় ২৪ কিলোমিটার দূরে এবং মক্কার সীমানা থেকে প্রায় ২ কিলোমিটার বাইরে। এই ঐতিহাসিক মসজিদটি মহানবী (সা.)-এর প্রতি সাহাবিদের আনুগত্যের সাক্ষ্য বহন করে। এই আনুগত্যের ঘটনাটি ইতিহাসে বায়াত আর-রিদওয়ান নামে পরিচিত। হিজরি ষষ্ঠ বর্ষে মহানবী (সা.) ওমরাহ পালনের উদ্দেশ্যে সাহাবিদের একটি বিশাল কাফেলা নিয়ে মদিনা থেকে মক্কায় রওনা হন। 

কিন্তু মক্কার সীমানায় কুরাইশ বাহিনী তাদের পথ রোধ করে। মক্কায় প্রবেশের অনুমতি পাওয়ার চেষ্টায় মহানবী (সা.) ওসমান বিন আফফান (রা.)-কে একা মক্কায় পাঠান কুরাইশদের সঙ্গে আলোচনার মাধ্যমে সমঝোতায় পৌঁছাতে। কিন্তু যা দ্রুত শেষ হওয়ার কথা ছিল, সেই আলোচনা গড়ায় কয়েক দিনে। ওসমান (রা.)-এর কোনো খবর পাওয়া যায়নি এবং কুরাইশদের পক্ষ থেকেও কোনো সংবাদ জানানো হয়নি। পরে গুজব ছড়িয়ে পড়ে যে ওসমান (রা.)-কে হত্যা করা হয়েছে। এই খবর শুনে মহানবী (সা.) অত্যন্ত ব্যথিত হন এবং সাহাবিরা ক্ষুব্ধ হয়ে উঠেন। এর ফলে তাঁরা রাসুল (সা.)-এর হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেন এবং তাৎক্ষণিকভাবে ওসমান (রা.)-এর মৃত্যুর প্রতিশোধ নেওয়ার শপথ করেন। সাহাবিদের এই বীরত্বপূর্ণ ও অভূতপূর্ব দৃশ্য দেখে কুরাইশ প্রহরীরা ভয় পেয়ে যায় এবং যেকোনো সংঘাত বা অনাকাক্সিক্ষত আক্রমণ এড়াতে তারা অবিলম্বে ওসমান বিন আফফান (রা.)-কে মুসলমানদের কাছে ফিরিয়ে দেয়।

উল্লেখ রয়েছে যে, বায়াত গ্রহণের সময় মহানবী (সা.) একটি গাছের নিচে দাঁড়িয়ে ওমর আল-খাত্তাব (রা.)-এর হাত ধরে ছিলেন। আর মাকিল বিন ইয়াসার নামে অন্য এক সাহাবি গাছের ডাল ধরে রেখেছিলেন যাতে তা নবী (সা.)-এর গায়ে না লাগে। ওমর আল-খাত্তাব (রা.)-এর খিলাফতকালে গাছটি কেটে ফেলা হয়। তাই গাছটি এখন আর নেই। তবে সেই জায়গায় এখন একটি মসজিদ নির্মাণ করা হয়েছে, যেখানে আপনি ভ্রমণ করতে পারেন এবং মসজিদুল হারামে ওমরাহ পালনে যাওয়ার আগে মিকাত হিসেবে ইহরাম বাঁধতে পারেন।


সাইয়্যিদা আয়েশা মসজিদ
এই মসজিদটিও মিকাতের স্থান হিসেবে পরিচিত। একই সঙ্গে মসজিদটি মক্কায় প্রবেশের মূল ফটক হিসেবেও বিবেচিত হয়। মসজিদুল হারাম থেকে মাত্র সাড়ে ৭ কিলোমিটার উত্তরে মক্কার সীমানার সবচেয়ে কাছে অবস্থিত হওয়ায় মদিনা থেকে আসা অধিকাংশ হজ-ওমরাহ যাত্রী এই বিশাল ও অনন্য মসজিদের পাশ দিয়ে অতিক্রম করেন। এই মসজিদটি মসজিদ তানঈম নামেও পরিচিত। মক্কার ভেতরে হামজা এবং ওমর আল-খাত্তাব (রা.)-এর মসজিদের মতো আরও অনেক ঐতিহাসিক মসজিদ রয়েছে, তবে সেগুলোর ঐতিহাসিক সত্যতা আজও উন্মোচিত হওয়ার অপেক্ষায়।

সময়ের আলো/এসএকে


  বিষয়:   নবীজি  স্মৃতিবিজড়িত  ৫ মসজিদ  সময়ের আলো 


Loading...
Loading...
ইসলাম- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: