শ্রীপুরে ‘বাঘ’ আতঙ্ক, বন বিভাগের ধারণা মেছো বিড়াল

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি

সারাদেশ

গাজীপুরের শ্রীপুরে বাঘ সদৃশ একটি প্রাণী দেখা যাওয়ার খবরে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। উপজেলার ২ নং গাজীপুর ইউনিয়নের নিজমাওনা গ্রামের

2026-07-24T16:51:54+00:00
2026-07-24T16:51:54+00:00
 
  শুক্রবার, ২৪ জুলাই ২০২৬,
৯ শ্রাবণ ১৪৩৩
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬
সারাদেশ
শ্রীপুরে ‘বাঘ’ আতঙ্ক, বন বিভাগের ধারণা মেছো বিড়াল
শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ৪:৫১ পিএম 
বন বিভাগ জানিয়েছে, গাজীপুরে বাঘ বিচরণের কোনো বাস্তব সম্ভাবনা নেই।
গাজীপুরের শ্রীপুরে বাঘ সদৃশ একটি প্রাণী দেখা যাওয়ার খবরে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। উপজেলার ২ নং গাজীপুর ইউনিয়নের নিজমাওনা গ্রামের মেকারপাড়া এলাকায় কয়েক দিন ধরে প্রাণীটির বিচরণ রয়েছে বলে দাবি করছেন বাসিন্দারা। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওকে কেন্দ্র করে এলাকায় ‘বাঘ’ আতঙ্ক আরও বেড়েছে।

তবে বন বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, গাজীপুরে বাঘ বিচরণের কোনো বাস্তব সম্ভাবনা নেই। স্থানীয়দের দেওয়া তথ্য ও ভিডিও বিশ্লেষণ করে তাদের ধারণা, প্রাণীটি মেছো বিড়াল হওয়ার সম্ভাবনাই বেশি।

স্থানীয় বাসিন্দা এনামুল হক জানান, মঙ্গলবার রাতে ফকিরবাড়ি মসজিদ এলাকায় যাওয়ার পথে তিনি দূর থেকে প্রাণীটিকে দেখতে পান। প্রাণীটির লেজ লম্বা ও মাথার আকৃতি গোলাকার ছিল। এর আগে আরও কয়েকজন স্থানীয় বাসিন্দা প্রাণীটি দেখেছেন বলেও তিনি জানান।


গ্রামের আরেক বাসিন্দা হাবিবুর রহমান বলেন, গত ১৯ জুলাই রাতে তিনিও প্রাণীটি দেখেছেন। একটি মৎস্য খামারের সিসিটিভি ক্যামেরায় প্রাণীটির চলাচলের দৃশ্য ধরা পড়েছে। এছাড়া বুধবার রাতে এলাকায় প্রাণীটির পায়ের ছাপও দেখা গেছে বলে জানান তিনি।

স্থানীয়দের মধ্যে আতঙ্ক তৈরি হলেও গাজীপুর সাফারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা (এসিএফ) তারেক রহমান বলেন, গাজীপুর বাঘের আবাসস্থল নয়। ভিডিও ও স্থানীয়দের বর্ণনা অনুযায়ী এটি মেছো বিড়াল হওয়ার সম্ভাবনা বেশি।

তিনি বলেন, মেছো বিড়াল পরিবেশের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই কোনো বন্য প্রাণী দেখলে আতঙ্কিত না হয়ে নিরাপদ দূরত্ব বজায় রাখার পরামর্শ দেন তিনি।

শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাহিদ ইসলাম ভূঞাও জানিয়েছেন, প্রাণীটির পরিচয় এখনো নিশ্চিত নয়। তিনি স্থানীয়দের সতর্ক থাকার পাশাপাশি কোনো বন্য প্রাণী দেখলে বন বিভাগ বা প্রশাসনকে জানানোর আহ্বান জানিয়েছেন।


সময়ের আলো/এমকে


  বিষয়:   বাঘ  মেছো বিড়াল  শ্রীপুর  সময়ের আলো 


Loading...
Loading...
সারাদেশ- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: