প্রকাশ: শুক্রবার, ২৩ অক্টোবর, ২০২৬, ৮:০২ পিএম
কীটনাশক দেওয়া আমন খেত। ছবি : সময়ের আলোনওগাঁর ধামইরহাটে জমি নিয়ে পূর্ববিরোধের জেরে ঘাস মারার কীটনাশক ছিটিয়ে সাত কৃষকের প্রায় ১০ বিঘা জমির আমন ধান নষ্ট করার অভিযোগ উঠেছে। উপজেলার ধামইরহাট ইউনিয়নের রূপনারায়ণপুর (নিকেশ্বর) গ্রামে এ ঘটনা ঘটেছে। এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ভুক্তভোগী কৃষকেরা।
শুক্রবার (২৩ অক্টোবর) সকালে ভুক্তভোগী কৃষক চানমদ্দীন বাদী হয়ে একই এলাকার ওবায়দুল ইসলাম, এন্দাদুল ওরফে বিপ্লব বাবুসহ সাতজনের বিরুদ্ধে ধামইরহাট থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।
অভিযোগ সূত্রে জানা যায়, রূপনারায়ণপুর গ্রামের মামুন হোসেন, আমিনুল ইসলাম, রিয়াজউদ্দিন, মিজানুর রহমান, মাসুদ হোসেন ও মামুনসহ কয়েকজন কৃষক রূপনারায়ণপুর মৌজার জেএল নম্বর ১৮২, খতিয়ান নম্বর ১৭০-এর অধীন ৩ দশমিক ১৭ একর জমি ক্রয়সূত্রে দীর্ঘদিন ধরে ভোগদখল করে আসছেন। প্রতিবছরের মতো এবারও ওই জমিতে আমন ধান চাষ করেন তাঁরা।
অভিযোগে বলা হয়, জমি নিয়ে পূর্ববিরোধের জেরে গত মঙ্গলবার (২০ অক্টোবর) রাতে অভিযুক্তরা ধানখেতে ঘাস মারার কীটনাশক ছিটিয়ে দেন। এতে ধানগাছ নষ্ট হয়ে যায় এবং কৃষকেরা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হন।
লিখিত অভিযোগে আরও উল্লেখ করা হয়, এর আগেও ওই জমিতে চাষ করা আলু ও সরিষা নষ্ট করা হয়েছিল। এ ঘটনায় গ্রাম আদালতে অভিযুক্তরা দোষী সাব্যস্ত হওয়ায় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাঁদের জরিমানা করেছিলেন বলে দাবি করেন অভিযোগকারীরা। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছেন তাঁরা।
তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত বিপ্লব বলেন, তারা জোর করে তদের জমি দখল করে ধান চাষ করেছেন। ধানগাছে তারাই কীটনাশক ছিটিয়ে এখন তাদের হয়রানি করার চেষ্টা করছেন।
ধামইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিন্টু রহমান সময়ের আলোকে বলেন, কীটনাশক ছিটিয়ে ধানগাছ নষ্ট করার অভিযোগের বিষয়ে তদন্ত চলছে। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।
সময়ের আলো/এনএন