ভোলার মনপুরা উপজেলায় লোকালয় থেকে একটি মায়া হরিণ উদ্ধার করে সংরক্ষিত বনাঞ্চলে অবমুক্ত করেছে বনবিভাগ।
শুক্রবার (২৪ জুলাই) দুপুর ৩টায় উপজেলার উত্তর সাকুচিয়া ইউনিয়নের বাতানখালি মাদ্রাসা এলাকা থেকে স্থানীয়দের সহযোগিতায় হরিণটি উদ্ধার করা হয়। পরবর্তীতে স্বাস্থ্য পরীক্ষা শেষে বিকেল ৪টায় এটিকে পচাকোড়ালিয়া সংলগ্ন সংরক্ষিত চরপাতালিয়া বনে নিরাপদে অবমুক্ত করা হয়।
বনবিভাগ সূত্রে জানা যায়, উত্তর সাকুচিয়া ইউনিয়নের বাতানখালি মাদ্রাসার সামনে একটি মায়া হরিণকে ঘোরাঘুরি করতে দেখে আটকে রাখেন স্থানীয় বাসিন্দারা। পরে তাঁরা দ্রুত বনবিভাগে খবর দিলে বনকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে হরিণটিকে উদ্ধার করে নিয়ে আসেন।
পচাকোড়ালিয়া বিটের বিট কর্মকর্তা সজিব সরকার জানান, খবর পাওয়া মাত্রই বনবিভাগের টিম গিয়ে হরিণটি উদ্ধার করে। প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে সেটিকে কোনো ক্ষতি ছাড়াই পচাকোড়ালিয়া সংলগ্ন চরপাতালিয়ার সংরক্ষিত বনাঞ্চলে নিরাপদ পরিবেশে অবমুক্ত করা হয়েছে।
সময়ের আলো/জেডি