গাজীপুরের কালিয়াকৈরে ৯ বছরের এক শিশুকে ধর্ষণচেষ্টার ঘটনার ছয় দিন পার হলেও অভিযুক্ত মুদি দোকানি শহিদুলকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। এ ঘটনায় ক্ষুব্ধ হয়ে অভিযুক্ত শহিদুলকে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মৌচাক-ফুলবাড়িয়া আঞ্চলিক সড়ক অবরোধ করে বিক্ষোভ মিছিল করেছেন ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। শুক্রবার (২৪ জুলাই) উপজেলার মৌচাক ইউনিয়নের বনফুল এলাকায় এসব কর্মসূচি পালিত হয়।
মামলা ও স্থানীদের সূত্রে জানা যায়, সোমবার (২০ জুলাই) বিকেলে স্থানীয় রাজমিস্ত্রির কন্যা মুদি দোকানি শহিদুলের দোকানে গেলে তাকে টাকার লোভ দেখিয়ে একটি পরিত্যক্ত বাগানে নিয়ে ধর্ষণের চেষ্টা করা হয়। শিশুর চিকিৎকারে আশপাশের লোকজন ছুটে এলে অভিযুক্ত শহিদুল কৌশলে পালিয়ে যায়।
পরবর্তীতে বিষয়টি স্থানীয়ভাবে আপস-মীমাংসার চেষ্টা করা হলে এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয় এবং শত শত মানুষ জড়ো হন। খবর পেয়ে ওই রাতে পুলিশ গিয়ে শিশুটিকে উদ্ধার করে। এ ঘটনায় শিশুটির মা ময়না বেগম বাদী হয়ে কালিয়াকৈর থানায় একটি মামলা দায়ের করেন।
ঘটনার ৬ দিন পেরিয়ে গেলেও আসামি গ্রেফতার না হওয়ায় শুক্রবার জুমার নামাজ শেষে ফুঁসে ওঠে এলাকাবাসী। মানববন্ধনে বক্তারা শিশু নির্যাতনের মতো জঘন্য অপরাধে জড়িত আসামিকে অবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির জোর দাবি জানান। পরবর্তীতে বিক্ষুব্ধ জনতা কিছুক্ষণ মৌচাক-ফুলবাড়িয়া সড়ক অবরোধ করে রাখলে সেখানে যান চলাচলে সাময়িক বিঘ্ন ঘটে।
এ বিষয়ে মৌচাক পুলিশ ফাঁড়ির তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) মনির হোসেন জানান, শিশুটিকে ধর্ষণচেষ্টার ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং পলাতক অভিযুক্ত শহিদুলকে গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
সময়ের আলো/জেডি