আগামী ৫ আগস্ট প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে জুলাই জাদুঘরের উদ্বোধন করবেন। শুক্রবার (২৪ জুলাই) এ তথ্য জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন।
তিনি বলেন, আগামী ৫ আগস্ট জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন করা হবে। এ বিষয়ে এরই মধ্যে সরকারের পক্ষ থেকে ঘোষণা দেওয়া হয়েছে এবং প্রধানমন্ত্রী তারেক রহমান এটির শুভ উদ্বোধন করবেন।
আগামী ৫ আগস্টকে ‘স্বৈরাচার পতন দিবস’ হিসেবে সরকারিভাবে উদযাপনের কথা উল্লেখ করে তিনি বললেন, দিনটি সরকারের পক্ষ থেকে একটি সরকারি দিবস হিসেবে উদযাপিত হবে। এ উপলক্ষে আমাদের সার্বিক প্রস্তুতি নেওয়া হয়েছে। ওইদিন চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে শহিদ পরিবারের সদস্য এবং আহতদের নিয়ে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী।
বিগত স্বৈরশাসকের ক্ষমতার কেন্দ্রবিন্দু এই গণভবনের প্রতি সাধারণ মানুষের দীর্ঘদিনের ক্ষোভের চূড়ান্ত বিস্ফোরণ ঘটেছিল ২০২৪ সালের ৫ আগস্ট। পরে গণ-অভ্যুত্থানের সেই স্মৃতিচিহ্ন, বিপ্লবের দুর্লভ সব দলিল, শহিদ ও আহতদের নানা স্মারক, রক্তমাখা পোশাক, আন্দোলনের ব্যানার-প্ল্যাকার্ডসহ অন্যান্য সরঞ্জাম সংরক্ষণে গণভবনকে ‘জুলাই স্মৃতি জাদুঘর’ করার উদ্যোগ নিয়েছিল বিগত অন্তর্বর্তী সরকার।
এর আগে কয়েকবার উদ্বোধনের কথা থাকলেও তখন সেটি চালু করা সম্ভব হয়নি। তবে এবার কেটেছে সব অনিশ্চয়তার মেঘ।
সময়ের আলো/আআ