সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত প্রবাসী সহজ ও আধুনিক করতে দুবাইয়ের বাংলাদেশ কনস্যুলেটে ‘ইন্টিগ্রেটেড কিউ সিরিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম’ উদ্বোধন করা হয়েছে। আধুনিক এই ডিজিটাল ব্যবস্থার ফলে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে অপেক্ষা এবং তীব্র গরমে ভোগান্তির পুরোনো চিত্র থেকে মুক্তি পেতে শুরু করেছেন সাধারণ প্রবাসীরা।
বৃহস্পতিবার (২৩ জুলাই) দুবাইয়ে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল মো. রাশেদুজ্জামান বাংলাদেশ কমিউনিটির নেতৃবৃন্দকে সঙ্গে নিয়ে আনুষ্ঠানিকভাবে এই সেবা উদ্বোধন করেন।
প্রবাসীরা জানান, এর আগে কনস্যুলেটে সেবা নিতে এসে ভিড়, বিশৃঙ্খলা এবং তীব্র গরমে ঘণ্টার পর ঘণ্টা দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হতো। এতে নারী, শিশু ও বয়স্কদের দুর্ভোগ ছিল সবচেয়ে বেশি। নতুন ইন্টিগ্রেটেড কিউ সিরিয়াল ম্যানেজমেন্ট সিস্টেম চালুর ফলে সেই দীর্ঘদিনের ভোগান্তির অবসান ঘটতে শুরু করেছে।
নতুন এই ব্যবস্থায় সেবা নিতে আসা প্রবাসীরা কনস্যুলেটের প্রবেশদ্বারে পৌঁছানোর পরই দায়িত্বপ্রাপ্ত নিরাপত্তাকর্মীরা তাদের প্রয়োজনীয় সেবার ধরন অনুযায়ী ডিজিটাল টোকেন নম্বর প্রদান করছেন। এরপর সেবাগ্রহীতারা নির্ধারিত ওয়েটিং এরিয়ায় স্বাচ্ছন্দ্যে বসে নিজেদের সিরিয়ালের অপেক্ষা করছেন।
ওয়েটিং এরিয়ায় স্থাপিত বড় ডিসপ্লে স্ক্রিনে টোকেন নম্বর প্রদর্শনের পাশাপাশি ভয়েস অ্যানাউন্সমেন্টের মাধ্যমে জানিয়ে দেওয়া হচ্ছে, কোন সেবাগ্রহীতাকে কোন কাউন্টার বা কক্ষে যেতে হবে। বর্তমানে এই আধুনিক টোকেন ব্যবস্থার মাধ্যমে প্রবাসীরা ১৪টি ভিন্ন ক্যাটাগরির কনস্যুলার সেবা সহজ, দ্রুত ও সুশৃঙ্খলভাবে গ্রহণ করতে পারছেন। নতুন এই উদ্যোগে সন্তোষ প্রকাশ করেছেন সেবা নিতে আসা সাধারণ প্রবাসীরা।
প্রবাসীদের জানান, আগে একটি সেবা নিতে যেখানে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হতো। এখন অপেক্ষার সময় যেমন কমেছে, তেমনি সেবাও মিলছে অনেক বেশি শৃঙ্খলাপূর্ণ পরিবেশে। এজন্য তারা কনস্যুলেট কর্তৃপক্ষের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।
সময়ের আলো/আআ