জার্মানির নতুন কোচ ইয়ুর্গেন ক্লপ

ক্রীড়া ডেস্ক

খেলা

জার্মান ফুটবলের হারানো সাফল্য ফিরিয়ে আনার লক্ষ্য নিয়ে জাতীয় দলের প্রধান কোচ হিসেবে ইয়ুর্গেন ক্লপকে নিয়োগ দিয়েছে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন

2026-07-24T23:23:27+00:00
2026-07-24T23:23:27+00:00
 
  শনিবার, ২৫ জুলাই ২০২৬,
১০ শ্রাবণ ১৪৩৩
শনিবার, ২৫ জুলাই ২০২৬
খেলা
জার্মানির নতুন কোচ ইয়ুর্গেন ক্লপ
ক্রীড়া ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ১১:২৩ পিএম 
ইয়ুর্গেন ক্লপ। ছবি : সংগৃহীত
জার্মান ফুটবলের হারানো সাফল্য ফিরিয়ে আনার লক্ষ্য নিয়ে জাতীয় দলের প্রধান কোচ হিসেবে ইয়ুর্গেন ক্লপকে নিয়োগ দিয়েছে জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি)। 

শুক্রবার (২৫ জুলাই) আনুষ্ঠানিকভাবে ৫৯ বছর বয়সী এই কোচের নাম ঘোষণা করা হয়। তিনি দায়িত্ব নিচ্ছেন হুলিয়ান নাগেলসম্যানের স্থলাভিষিক্ত হিসেবে, যিনি হতাশাজনক বিশ্বকাপ অভিযানের পর পদ ছাড়েন।

ফ্রাঙ্কফুর্টে আয়োজিত সংবাদ সম্মেলনে ডিএফবির সভাপতি বের্ন্ড নিউনডর্ফ বলেন, আজ ইয়ুর্গেন ক্লপকে জাতীয় দলের নতুন প্রধান কোচ হিসেবে পরিচয় করিয়ে দিতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত।

ডিএফবি জানিয়েছে, ক্লপের সঙ্গে ২০৩০ সালের গ্রীষ্ম পর্যন্ত চুক্তি হয়েছে। ফলে মরক্কো, স্পেন ও পর্তুগালে অনুষ্ঠেয় ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত জার্মান জাতীয় দলের দায়িত্বে থাকবেন তিনি। আগামী ১৫ আগস্ট থেকে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করবেন এই অভিজ্ঞ কোচ।

চলতি বছরের জুলাইয়ে হুলিয়ান নাগেলসম্যানের বিদায়ের পর থেকেই জাতীয় দলের নতুন কোচ হিসেবে সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন ক্লপ। এর আগে প্রকাশ্যেই জার্মানির দায়িত্ব নেওয়ার আগ্রহের কথাও জানিয়েছিলেন তিনি।


২০২৬ বিশ্বকাপে জার্মানির হতাশাজনক পারফরম্যান্সের পরই কোচ পরিবর্তনের সিদ্ধান্ত নেয় ডিএফবি। চারবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটি রাউন্ড অব ৩২-এ প্যারাগুয়ের কাছে টাইব্রেকারে হেরে টুর্নামেন্ট থেকে বিদায় নেয়।

এটি ছিল ২০১৪ সালে বিশ্বকাপ জয়ের পর টানা তৃতীয় বিশ্বকাপে জার্মানির ব্যর্থতা। ২০১৮ ও ২০২২ বিশ্বকাপে তারা গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। পাশাপাশি সর্বশেষ পাঁচটি বড় আন্তর্জাতিক টুর্নামেন্টে নকআউট পর্বে মাত্র একটি ম্যাচ জিততে পেরেছে দলটি। স্বাগতিক হিসেবে ইউরো ২০২৪ খেলেও কোয়ার্টার ফাইনালের গণ্ডি পেরোতে পারেনি জার্মানি।

কোচ হিসেবে ইয়ুর্গেন ক্লপের ক্যারিয়ার সাফল্যে সমৃদ্ধ। খেলোয়াড়ি জীবন কাটিয়েছেন মাইনৎসে, আর সেখান থেকেই কোচিংয়ে যাত্রা শুরু। পরে বরুসিয়া ডর্টমুন্ডকে জার্মানির অন্যতম শক্তিশালী দলে পরিণত করেন। এরপর ইংলিশ ক্লাব লিভারপুলের দায়িত্ব নিয়ে ক্লাবটির দীর্ঘদিনের সাফল্যখরা কাটিয়ে নতুন উচ্চতায় পৌঁছে দেন।

এবার সেই সফল কোচের হাতেই জার্মান জাতীয় দলকে আবারও বিশ্ব ফুটবলের শীর্ষ পর্যায়ে ফিরিয়ে আনার দায়িত্ব তুলে দিল ডিএফবি।

সময়ের আলো/আরবিএন 


  বিষয়:   জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন  ইয়ুর্গেন ক্লপ 


Loading...
Loading...
খেলা- এর আরো খবর
Loading...
Loading...
© 2026 Daily Shomoyer Alo
ভারপ্রাপ্ত সম্পাদক : সৈয়দ শাহনেওয়াজ করিম, আমিন মোহাম্মদ মিডিয়া কমিউনিকেশন লিমিটেড এর পক্ষে প্রকাশক মো. ফয়সাল রহমতউল্লাহ ফেরদৌস। নাসির ট্রেড সেন্টার, ৮৯, বীর উত্তম সি আর দত্ত সড়ক (সোনারগাঁও রোড), বাংলামোটর, ঢাকা।
ফোন : ৪১০৬২৩৬৮-৭৪, ফ্যাক্স : ৪১০৬২৩৭৫
সময়ের আলোর খবর পেতে ফলো করুন: