বাগেরহাটের মোরেলগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আকস্মিক পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন (বকুল)।
শনিবার (২৫ জুলাই) বেলা ১১টার দিকে তিনি এই আকস্মিক পরিদর্শনে আসেন। এ সময় তিনি হাসপাতালের সেবার মান, মেয়াদোত্তীর্ণ ওষুধ, খাবারের নিম্নমান এবং চিকিৎসক সংকটসহ নানা বিষয়ে খোঁজখবর নেন। দীর্ঘ আড়াই ঘণ্টা ধরে তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন।
পরিদর্শনকালে স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন (বকুল) বলেন, সাধারণ জনগণ ভোট দিয়ে আমাদের নির্বাচিত করেছেন। জনগণের প্রতি আমাদের একটি বড় দায়বদ্ধতা রয়েছে। এসব মানুষের সার্বিক দায়িত্ব আমাদের কাঁধেই বর্তায়। অতীতের অজুহাত দিয়ে আর লাভ নেই, আমরা সারা বাংলাদেশের স্বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই। আমরা চাই না কোনো মানুষ বিনা চিকিৎসায় মারা যাক। যা আছে, তা দিয়েই গরিব মানুষের সেবা নিশ্চিত করতে চাই। এ কারণে ৫০ শয্যার এই হাসপাতালকে ১০১ শয্যায় উন্নীত করা হবে।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক গোলাম মো. বাতেন, বাগেরহাট জেলা পুলিশ সুপার হাসান মোহাম্মদ নাছের রিকারদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাবিবুল্লাহ, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. কামাল হোসেন মুফতি, বিএনপি নেতা সোমনাথ দেসহ স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
পরিদর্শন শেষে মন্ত্রী হাসপাতালসংলগ্ন একটি বেসরকারি ক্লিনিক পরিদর্শন করেন এবং সেখানে কিছু অসংগতি দেখতে পান। একই সঙ্গে তিনি হাসপাতালে বিভিন্ন সময়ে মজুত থাকা মেয়াদোত্তীর্ণ ওষুধগুলো যথাযথ প্রক্রিয়ায় ধ্বংস করার জন্য জেলা প্রশাসককে প্রয়োজনীয় নির্দেশনা দেন। এরপর তিনি পার্শ্ববর্তী শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনের উদ্দেশ্যে রওনা হন।
সময়ের আলো/জোই