বান্দরবানের রুমা উপজেলার রুমা সদর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের দুর্গম লেকটংশে পাড়ায় হাম উপসর্গ নিয়ে ২ শিশুর মৃত্যু হয়েছে বলে স্থানীয়রা দাবি করেছেন। এলাকাটি অত্যন্ত দুর্গম হওয়ায় সেখানে এখনো কোনো চিকিৎসক বা মেডিকেল টিম পৌঁছায়নি বলে অভিযোগ করেছেন গ্রামবাসী।
শনিবার (২৫ জুলাই) দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন রুমা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আব্দুল্লাহ আল হাসন।
নিহত শিশুরা হলো, ৯ বছর বয়সী ছেলে পলি খুমী এবং ৬ বছর বয়সী মেয়ে নাতয়ই খুমী।
স্থানীয়দের দাবি, লেকটংশে পাড়ায় এখনো অনেক শিশু হাম উপসর্গে আক্রান্ত হয়ে অসুস্থ অবস্থায় রয়েছে। নিহত শিশুদের পরিবার অত্যন্ত দরিদ্র হওয়ায় সময়মতো চিকিৎসার ব্যবস্থা করতে পারেননি। ফলে, চিকিৎসার অভাবেই তাদের মৃত্যু হয়েছে বলে স্বজনদের অভিযোগ।
রুমা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ আব্দুল্লাহ আল হাসন বলেন, ‘দুর্গম পাহাড়ি পাড়াগুলোতে হাম উপসর্গের প্রকোপ বাড়ছে, এটি সত্য। তবে, দুই শিশুর মৃত্যুর বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানতাম না। যেসব এলাকায় হামের তথ্য পাওয়া যাচ্ছে, সেখানে স্থানীয় স্বাস্থ্যকর্মীদের মাধ্যমে টিকাদান কার্যক্রম চালানো হচ্ছে।’
তিনি আরও জানান, গত মার্চ মাস থেকে এ পর্যন্ত রুমা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রায় ৯০ জন শিশু হামের উপসর্গ নিয়ে চিকিৎসা নিয়েছে। বর্তমানে ১৪ জন শিশু হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসাধীন রয়েছে।
টিকাদান কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, ‘মাঠপর্যায়ের স্বাস্থ্যকর্মীদের দায়িত্ব যেমন রয়েছে, তেমনি দুর্গম পাহাড়ে বসবাসকারী বিশেষ করে ম্রো ও খুমী সম্প্রদায়ের অনেক মানুষের টিকা গ্রহণে অনীহার কারণেও এ পরিস্থিতি সৃষ্টি হয়েছে।’
সময়ের আলো/মহু