ভারতের আসামে নিট-ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভে অংশ নেয় রাজ্যের রাজস্বমন্ত্রী কেশব মহন্তের মেয়ে দিবিসা মহন্ত। ক্ষমতাসীন জোট সরকারের জন্য এটি অস্বস্তির কারণ হয়ে দাড়িয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) গুয়াহাটির চাচালে আয়োজিত এক বিক্ষোভে শিক্ষার্থীদের সঙ্গে প্ল্যাকার্ড হাতে অংশ নেন দিবিসা। এ সময় তিনি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবিতে স্লোগান দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে তাকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধেও স্লোগান দিতে দেখা যায়।
নিট-ইউজি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস ও অনিয়মের অভিযোগে শিক্ষার্থীরা এই বিক্ষোভের আয়োজন করে। আন্দোলনকারীদের প্রধান দাবি, প্রশ্নফাঁসের দায় নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে।
দিবিসার এই অংশগ্রহণ রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। তার বাবা কেশব মহন্ত আসামের জোট সরকারের অন্যতম শরিক দল অসম গণ পরিষদের (এজিপি) দ্বিতীয় শীর্ষ নেতা। ২০১৬ সাল থেকে তিনি মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার মন্ত্রিসভায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। ফলে জোট সরকারের একজন জ্যেষ্ঠ মন্ত্রীর মেয়ের কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে প্রকাশ্য অবস্থান রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা সৃষ্টি করেছে।
ঘটনা নিয়ে প্রশ্নের মুখে আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বিষয়টিকে গুরুত্ব না দিয়ে বলেন, এটি শিক্ষার্থীদের স্বাভাবিক প্রতিবাদ এবং সরকার তাদের দাবি ও মতামতকে সম্মান করে। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিষয়টি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন।
একই সঙ্গে তিনি আসামের চলমান বন্যা পরিস্থিতির কথা উল্লেখ করে বলেন, রাজ্য বর্তমানে কঠিন সময় পার করছে। তাই সবার উচিত প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় মনোযোগ দেওয়া।
পুলিশ জানিয়েছে, চাচালে শিক্ষার্থীদের বিক্ষোভ শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। নিরাপত্তা ব্যবস্থা জোরদার থাকলেও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে মন্ত্রীর মেয়ের এই অংশগ্রহণকে ঘিরে আসামের রাজনৈতিক অঙ্গনে আলোচনা ও বিতর্ক অব্যাহত রয়েছে।
সূত্র : এনডিটিভি
সময়ের আলো/কেএইচও